Bangladesh · 2026-11-17 19:43:00

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৫৯ জায়গায়

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৫৯ জায়গায়
দেশে ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, ঢাকায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল, লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
এর আগে গত রোববার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Source - www.prothomalo.com ↗