শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামের এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরটি খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ নেই। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাশীর মেয়ে। তার বয়স ছিল ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হলে তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশুটির মা শাহজাহান বেগম বলেন, আমার মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, এখন আবার মেয়ের লাশও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর লাশ চুরি

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। আমাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে লাশ চুরির বিষয়টি আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗