Bangladesh · 2026-11-17 20:41:44

সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা

সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
সম্প্রতি সুইডেনে আমাকে একটি বড় সার্জারির অভিজ্ঞতা নিতে হয়েছে। রোগটি শুরু থেকে আমার জানা ছিল না, শরীরে এর কোনো স্পষ্ট প্রভাব বা লক্ষণও পরিলক্ষিত হয়নি, অর্থাৎ কোনো ধরনের যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। পেটে ইনফ্লামেশন আছে এবং এর প্রকৃতি নির্ধারণ করার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছিল। এরই মাঝে ডাক্তার অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলেন আমার কিডনিতে একটা ছোট আকারের টিউমার আছে। ডাক্তার বেশ কিছু পরীক্ষা করে অভয় দিলেন যে ভয়ের কিছু নেই, এটি অনেক ছোট, কিন্তু আমাদেরকে আরও পরীক্ষা করে দেখতে হবে এটি কতটা ক্ষতিকর? যদি ক্ষতিকর না হয় তাহলে টিউমার যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা কিছু করব না।
ডাক্তারের কথা শুনে মনে সাহস সঞ্চয় হয়েছে কিছুটা, কিন্তু ভয়ও লাগছে, হঠাৎ করেই কিডনির মতো জায়গায় কিছু একটার জন্ম হয়েছে, যা আমি জানি না। আবার টিউমার নিজেও কোনো উৎপাত করছে না। ডাক্তার বায়োপসি করার জন্য একটি সময় নির্ধারণ করলেন। বায়োপসি হলো একটি বিশেষ ধরনের ডায়াগনস্টিক বা রোগনির্ণয় পরীক্ষা, যেখানে শরীরের কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক অংশ থেকে সামান্য পরিমাণ টিস্যু বা মাংসপিণ্ড বা কোষের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করা হয়।
বায়োপসি করার ১৫ দিন পর ডাক্তারের সঙ্গে মিটিং হলো, কোনো রাকঢাক না রেখেই ডাক্তার বললেন, আপনার টিউমারটি ক্যানসারের উপসর্গ, এটা ফেলে দিতে হবে, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা অস্ত্রোপচারের জন্য আপনাকে একটি তারিখ জানিয়ে দেব। ক্যানসার শব্দটাই কেমন যেন মনে ভয় জাগিয়ে দেয়। সঙ্গে বউ ছিল, সে কিছুটা ঘাবড়ে গেল। ডাক্তার আর তাঁর সহকর্মীরা বিভিন্ন রকম আশ্বাস দিলেন, বউয়ের মন শান্ত হলো না। আমি ব্যক্তিগতভাবে অতটা ভিতু লোক না, আল্লাহর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, জীবন–মৃত্যুর ধারণা আমার কাছে স্পষ্ট। কোনো না কোনোভাবে আমাদের মৃত্যুর সাধ নিতে হবে, এটা আমি বিশ্বাস করি।
আমার এই সার্জারি অভিজ্ঞতা বলার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে সুইডেনের স্বাস্থ্যসেবা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া। এখানকার স্বাস্থ্যসেবা স্বাভাবিক চোখে দেখলে মনে হবে খুব ধীরে চলা একটা ব্যবস্থা। ছোটখাটো অসুখ যেমন সর্দি, কাশি, ব্যথা, বেদনা, এ জাতীয় সমস্যাকে এরা খুব একটা গুরুত্ব দেয় না, প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে গেলে এরা বিনা ওষুধে ফেরত দেয় রোগীকে। বলে, এক–দুই সপ্তাহ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আনেক সময় বিরক্তি লাগে, বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম পরামর্শ দেয় এরা। ওষুধ খুব একটা দিতেই চায় না এখানে। আবার আপনি চাইলেও কোনো গুরুত্বপূর্ণ ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে কিনতেও পারবেন না।
আমার প্রায় সতেরো–আঠারো বছরে সুইডেনে বসবাসের অভিজ্ঞতায় যা বুঝতে পেরেছি তা হলো এরা বড় বড় রোগের ভালো চিকিৎসা করতে পারে। শুধু রোগটি ধরতে অনেক বেশি সময় নেয়। রোগটি সঠিকভাবে ধরতে পারলে চিকিৎসা ভালো হয় এখানে।
নিজের দেশ থেকে আমরা জেনে এসেছি, চিকিৎসা পেশা হচ্ছে একটা সেবামূলক কাজ; কিন্তু বাস্তবে মানুষ খুব একটা ওই সেবা দেখে বা পায় বলে মনে হয়নি। কিন্তু সুইডেনে আমার বেশ কয়েকবার এই সেবা পাওয়ার সুযোগ হয়েছিল। প্রথমত আপনি বুঝতে পারবেন না এখানে কে বড় ডাক্তার আর কে ছোট? আপনার চিকিৎসা নেওয়ার সময় যে ডাক্তার উপস্থিত থাকবেন, তিনিই আপনার চিকিৎসা করবেন। ডাক্তার আপনার কাছে এসে খুবই ভদ্রভাবে নিজের নাম বলে আপনার কাছে তাঁর পরিচয় দেবেন এবং চিকিৎসা করার অনুমতি চাইবেন। তাঁর আচরণে আপনি কখোনোই বুঝতে পারবেন না তিনি কত বড় ডাক্তার। আপনি এটা বুঝতে পারবেন যে তিনি আপনাকে সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন আন্তরিকভাবে। ডাক্তারের সহকর্মী নার্সরাও এখানে সেবা দানে অনেক পারদর্শী। এমন দৃশ্য আমি কখনো দেখিনি যে কোনো ডাক্তার তাঁর সহকর্মী নার্সকে উচ্চকণ্ঠে কিছু বলছেন বা রাগারাগি করছেন। নীরবে শান্তিপূর্ণভাবে হাসপাতালে চিকিৎসা চলে। আপনি চাইলেও আপনার পছন্দের ডাক্তার দিয়ে আপনার অপারেশনটা করাতে পারবেন না এখানে। এখানকার চিকিৎসাপদ্ধতি এটা পারমিট করবে না।
প্রফেশনাল বলতে যা বোঝায়, এরা হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। পাশাপাশি যোগ করতে পারেন এদের হাসিমুখে সেবা প্রদান। আমি বেশ কয়েক দিন হাসপাতালে ছিলাম, একবারের জন্য ও মনে হয়নি যে কোনো একজন এখানে এখন কাজ করছেন কিন্তু অন্য কোনো কারণ তাঁর মন খারাপ। পরিবেশ আর সেবা, দুয়ে মিলে রোগীর জন্য দারুণ ব্যবস্থা। হাসপাতালে আপনার সঙ্গে আপনার প্রিয়জন বা কোনো আত্মীয়স্বজনকে থাকতে হয় না। চিকিৎসাকালীন ওষুধ বা খাবার যা দরকার হবে সবকিছু হাসপাতাল থেকে সরবরাহ করা হয়। বলে রাখা দরকার, নাগরিকদের জন্য চিকিৎসাসেবা পুরোটাই ফ্রি এখানে। এবার ভেবে দেখুন, ওপেন হার্ট সার্জারির মতো একটি বড় মাপের চিকিৎসা আপনি বিনে পয়সায় পাচ্ছেন, সঙ্গে হাসিমুখে ডাক্তার আর নার্সিং সেবা।
একবার প্রাইমারি হেলথকেয়ার সেন্টারে একজন সিনিয়র নার্স আমার হাত, পায়ের পাতা এমনভাবে যত্ন করে দেখলেন, আমার নিজেরই লজ্জা লাগছিল। প্রথমত সাদা ধবধবে চামড়ার মানুষ, বয়স্ক নার্স যেভাবে সেবা করে দেখালেন, আমি কখনো ভুলব না।
অবশেষে আমার অপারেশনের তারিখ পড়ল ২০২৬/১০/১৯ তারিখে মালমো হাসপাতালে। আমি যদিও লুন্ডে থাকি। রিপোর্ট টাইম ছিল সকাল ৬টা ৩০ মিনিট। কীভাবে নিজে ড্রাইভ করে যাব? গাড়ি কোথায় রাখব? কদিন থাকতে হয় নিশ্চিত না। এসব ভাবনায়, এক ভাইকে বললাম ড্রাইভ করতে। নাফিস ভাই মালমো থেকে এসে আমাকে আর পরিবারকে হাসপাতালে সঠিক সময়ে ড্রপ করে দিলেন। শুরু হলো প্রস্তুতি। বউ–বাচ্চারা আর ভেতরে যেতে পারল না। প্রথমে একজন সবকিছু আমাকে বোঝালেন কী কী করবেন। তারপর আমার কাপড় ও অন্যান্য সামগ্রী তাঁরা বুঝে নিলেন। আমাকে হাসপাতালের কাপড় দেওয়া হলো পরতে। অপারেশনের আশপাশের পুরো জায়গা শেভ করে ক্লিন করা হলো।
তারপর দ্বিতীয় নার্স এলেন, তিনি ব্লাড নিলেন, আর একটা ইনজেকশন নিডল সেট করলেন, প্রেশারসহ ইসিজি, সবকিছু পরীক্ষা করে আমাকে ৭ তলায় অপারেশনের রুমে নিয়ে গেলেন, ওখানে আরেক গ্রুপ তৈরি ছিলেন। তাঁরা আমাকে হাসিমুখে অভ্যর্থনা জানালেন। আশপাশে যাঁদের দেখছিলাম মনে হচ্ছিল তাঁরা সবাই সহকর্মী, শরীরের সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি কানেক্ট করছিলেন। তখনো ডাক্তার আসেননি। আমাকে আগেই বলা হয়েছিল, অপারেশন করা হবে ডাক্তার এবং রোবটের সাহায্যে।
যদি অপারেশনে জটিলতা দেখা দেয় বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তবে তারা পুরো একটা কিডনি সরিয়ে ফেলতে হতে পারে। ডাক্তারের এই কথাটাই আমাদেরকে বেশি দুশ্চিন্তায় ফেলেছিল। যতই বলা হয়, একটা কিডনিতেই চলা যায় বা বেঁচে থাকা যায়, তারপর ও আপনি যখন জানবেন আপনি একটি কিডনি নিয়ে চলছেন, তখন একটা মানসিক দুর্বলতা আপনাকে ভর করবে। শরীরে বিভিন্ন তারের কানেকশন লাগানোর পর আমার নাকে অক্সিজেন মাস্ক পরানো হয়। তারপর আর আমার কিছু মনে নেই। দুই–আড়াই ঘণ্টার মতো অপারেশন চলে, এরপর আমাকে পোস্ট অপারেশন কেয়ারে রাখা হয়। এর মধ্যে আমার ঘুম ভাঙে, চোখ মেলতে কষ্ট হচ্ছিল। আশপাশে দেখলাম নার্সরা আছেন, শরীরের সঙ্গে কানেক্টেড বিভিন্ন যন্ত্র মনিটরে শরীরের কন্ডিশন দেখাচ্ছে। নার্সরা একটু পরপর মনিটর দেখে সবকিছু নোট করছেন। আমাকে সামান্য পানি খেতে দিলেন।
একটু পর আরেকজন নার্স অনেক রকম জুসের কথা বললেন, জানতে চাইলেন আমি কোনটা চাই। আমি প্রোটিন শেক পেরন ফ্লেভার নিলাম। ভালোই লাগল, কিছুক্ষণ পর একই জুস আবার চাইলাম, একই নার্স সেটা দিলেন। আমি নিজে একবারও ভাবলাম না আমার তো ডায়াবেটিস আছে। নার্স কী ভেবে আমাকে দুবার খেতে দিলেন, সেটাও বুঝলাম না।
এবার দেখি সবাই একটু অবাক হয়ে মনিটর দেখছেন, তারপর তাঁরা ডায়াবেটিস টেস্ট করে দেখলেন, ওটা বেড়ে ২৭ হয়ে গেছে। এখন আমাকে আর রুমে পাঠাচ্ছেন না। সাধারণত ৩–৪ ঘণ্টা পর রুমে দেওয়ার কথা, ওদিকে পরিবার অপেক্ষা করছে সবকিছু জানা এবং আমাকে দেখার জন্য। এবার শুরু হলো ইনসুলিন ব্যবহার করে ডায়াবেটিস কমানোর পালা, প্রতি এক ঘণ্টা পরপর ইনসুলিন দিয়ে টেস্ট রেজাল্ট দেখতে লাগলেন। এভাবেই পাঁচ–ছয়বার করার পর ডায়াবেটিস স্বাভাবিক হয় এবং আমাকে রুমে স্থানান্তরের সিদ্ধান্ত হয়, তখন রাত বেজে গেছে ১২টা।
পরিবার সারা দিন অপেক্ষা করে রাত আটটায় বাসায় ফিরে যায়। ওষুধ হিসেবে শুধু ব্যথার জন্য তিনবার করে দিনে ট্যাবলেট দিয়েছিল। রুমে ফিরে আমি আমার ফোন ফিরে পাই এবং পরিবার ও নিজ দেশে বাবা–বোনদের সঙ্গে কথা বলি। আলহামদুলিল্লাহ আমার অপারেশন ভালোই হয়েছে, কিডনি সরাতে হয়নি, শুধু টিউমারটাই বের করতে পেরেছে।
অপারেশনের পরদিন সকালে ডাক্তার আমার খোঁজ নিতে আসেন এবং বিস্তারিত জানান। ডাক্তারের মতে বের করে আনা টিউমারটির আরও পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হবে এটির জন্মস্থলে আরও অবশিষ্ট কিছু আছে কি না। ডাক্তার আমাকে অভয় দিয়ে তৃতীয় দিনেই বাসায় ফেরার অনুমতি দেন। অবাক করার মতো বিষয় হলো ব্যথার ওষুধ ছাড়া আমাকে আর কোনো ওষুধ খেতে দেননি এবং তিন দিন পর সেটাও বন্ধ করে দেন। হাসপাতালে আমার রুম থেকে আমি আমার খাবার সিলেক্ট করতে পারতাম অ্যাপের মাধ্যমে। মেনুতে সাত–আট রকম অপশন থাকত। হাসপাতালের এই কদিনে এদের স্বাস্থ্যসেবা আমাকে দেখিয়েছে কীভাবে প্রফেশনালি মানুষের চিকিৎসাসেবা দিতে হয়। আর ভাবছিলাম আমার ভাগ্য ভালো যে নিজের চিকিৎসাটা এ দেশে করাতে পেরেছি। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

Source - nagorik.prothomalo.com ↗