Bangladesh · 2026-11-17 21:27:49

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় থানার কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।

পরে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে বিক্ষোভকারীরা থানার দিকে অগ্রসর হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় থানায় আটক ছাত্রলীগের নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর রাত ৯টার দিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗