Bangladesh · 2026-11-17 20:33:24

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। এ সময় থানায় হামলার পাশাপাশি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা ও পাটগাতী এলাকায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টায়ও এলাকায় উত্তেজনা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে সেটি ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানায় ঢুকে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

এরপর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থানায় অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗