এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।
মারধরের শিকার প্রধান শিক্ষক হলেন ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কোনো কথা না বলেই তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন।
পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসে আছেন। হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় দেন। পরে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের একজনও কক্ষে যান। তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Source - www.prothomalo.com ↗