Bangladesh · 2026-11-17 23:00:16

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক, এলাকায় আলোচনা

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক, এলাকায় আলোচনা
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

ওসমান ফারুকের পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও স্থানীয় বিএনপির নেতাদের কেউ কেউ তার পদত্যাগের পেছনে দলীয় ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় তার সীমিত উপস্থিতি, প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বরাদ্দ না পাওয়া এবং ব্যক্তিগত সহকারীর ভূমিকা নিয়ে তাদের বক্তব্যে উঠে এসেছে বিভিন্ন অভিযোগ ও মন্তব্য।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সিকদার বলেন, এমপি ওসমান ফারুক যে পদত্যাগ করেছেন, তা আমরা জানতে পেরেছি অসুস্থতার কারণে। পদত্যাগের আগে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এলাকায় সব মিলিয়ে মনে হয় মাত্র এক মাস ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তবে কোনো বক্তব্য দেননি। সংসদের বিভিন্ন বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। নির্বাচনের পর ঢাকা, করিমগঞ্জ ও তাড়াইল মিলিয়ে এক মাসের মতো এলাকায় আসা-যাওয়া করেছেন।

দুলাল সিকদার আরও বলেন, তার প্রত্যাশা ছিল মন্ত্রিত্ব পাওয়ার। কিন্তু মন্ত্রিত্ব না পাওয়ার পর তিনি ছুটি নিয়ে আমেরিকায় চলে যান। আমেরিকায় যাওয়ার পর ১৪ তারিখে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

তিনি আরও বলেন, তার বিশেষ সহকারী মিছবাহ উদ্দিন টুটুলের আচরণের কারণেও তিনি মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। কারণ, ওসমান ফারুক একজন সৎ মানুষ। তার ব্যক্তিগত সহকারী কোনো দুর্নীতি বা বাণিজ্যের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে বাইরে আলোচনা হয়। তবে আমরা এসব আলোচনা করি না। কারণ, আমরা দল করি এবং দলের প্রতি অনুগত। দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমরা করি না, চিন্তাও করি না। তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে কোনো খারাপ কাজের অভিযোগ আমরা হাতে-নাতে প্রমাণ করতে পারিনি। তাই প্রমাণ ছাড়া এসব বিষয়ে কথা বলাও ঠিক নয়।

নির্বাচনের পর উন্নয়ন প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টি তুলে ধরে দুলাল সিকদার বলেন, নির্বাচনের পর এলাকায় উন্নয়ন নিয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। বরাদ্দ বলতে হাসপাতালটি উন্নত করার জন্য একটি বরাদ্দ এসেছে। এর বাইরে বড় কোনো বরাদ্দ আমাদের এলাকায় আসেনি।

উপনির্বাচনে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, উপনির্বাচন নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। আমাদের এলাকায় যারা প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন নিয়ে আসবেন, আমরা তার নির্বাচন করব। বিএনপিসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। যিনি মনোনয়ন পাবেন, আমরা তার পক্ষেই কাজ করব।

এদিকে করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান বিপ্লবের দাবি, নিজেকে বিতর্কমুক্ত রাখতেই পদত্যাগ করেছেন ওসমান ফারুক। তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

হাবিবুর রহমান বিপ্লব বলেন, ওসমান ফারুকের নাম ভাঙিয়ে তার ব্যক্তিগত সহকারী বিভিন্ন অনিয়ম করছেন। বিশেষ করে সারের ডিলারশিপ, চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প এবং নানা ধরনের বাণিজ্যের অভিযোগ রয়েছে। ব্যক্তিগত সহকারী মিছবাহ উদ্দিন টুটুল তার চাচাতো ভাই হওয়ায় তাকে সরিয়েও দিতে পারছেন না, আবার রাখতেও পারছেন না। এ ধরনের নানা টানাপোড়েনের কারণেই মূলত তিনি পদত্যাগ করেছেন বলে আমার মনে হয়।

কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মারুফ আহমেদ তার ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুনের একটি মন্তব্য তুলে ধরেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন (বর্তমান কিশোরগঞ্জ-৩) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। পরে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন তিনি। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. জেহাদ খানকে মাত্র ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধান পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃতী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য (ভিসি) খ্যাতিমান শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গণির ঘরে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণার বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকার জানান, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে তিনি ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে জানানো হয়।

এদিকে আসনটি শূন্য ঘোষণার পর আগামী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় সম্ভাব্য প্রার্থী এবং বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

Source - www.bd24live.com ↗