Bangladesh · 2026-11-17 22:19:00

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আকম মোজাম্মেল হকের শহরের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি আলিশান বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দূর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: সাইদুল আলম চৌধুরী বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা এখনো নিশ্চিত নয়, কেউ বলছে সাবেক মন্ত্রী বাড়ি আবার কেউ বলছে অন্য কারো বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে।

Source - www.bd24live.com ↗