Bangladesh · 2026-11-17 23:41:45

৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত

৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত
দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে বড় একটি প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখনন করা হবে। জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচসুবিধা বাড়ানো, মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা, যা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।
‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির আওতায় শুধু খননকাজ নয়, নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ, ডিজিটাল ডেটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটি কাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে।
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তার অংশ হিসেবেই প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে নদীবিশেষজ্ঞরা বলছেন, দেশে নদী খননের ইতিহাস ভালো নয়। কারণ কখনো বিজ্ঞানসম্মত উপায়ে নদী খনন করা হয়নি। তাই অর্থ ব্যয়ের সুফল মেলেনি। সেসব বিষয় খেয়াল রাখার পরামর্শ দেন তাঁরা।
—তুহিন ওয়দুদ, নদী গবেষক।‘পানির উৎস নিশ্চিত না করে খনন করলে সুফল পাওয়া যায় না। নদীর মাপ ঠিক রেখে খনন করতে হবে। নয়তো নদী কেটে খাল করলে সেটা কোনো কাজে আসে না।জানতে চাইলে নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘পানির উৎস নিশ্চিত না করে খনন করলে সুফল পাওয়া যায় না। নদীর মাপ ঠিক রেখে খনন করতে হবে। নয়তো নদী কেটে খাল করলে সেটা কোনো কাজে আসে না।’ অতীতের মতো অব্যবস্থাপনা যেন না হয়, সেটা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
প্রধান কাজ কী
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ৪৮১টি খাল খনন ও পুনঃখনন করা হবে, যার মোট দৈর্ঘ্য ৬ হাজার ২৯৭ কিলোমিটার। এসব খাল থেকে প্রায় ১ হাজার ৬৮৬ লাখ ঘনমিটার মাটি অপসারণের পরিকল্পনা রয়েছে। খাল খনন ও পুনঃখননের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৪৭ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ যাবে এ খাতে।
এ ছাড়া ১৫১টি ছোট নদীর ২ হাজার ৫৭০ কিলোমিটার খনন ও পুনঃখনন করা হবে। এ কাজের জন্য মাটি কাটার পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৬১৩ লাখ ঘনমিটার। নদী খননে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১২৪ কোটি টাকা। পাশাপাশি ১২টি জলাশয়ের ২৬ কিলোমিটার পুনঃখনন করা হবে। এ খাতে ব্যয় হবে ২৬২ কোটি টাকা। জলাশয়গুলো থেকে প্রায় ১৮ লাখ ঘনমিটার মাটি অপসারণের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, পাউবোর বিশেষজ্ঞ কমিটি মাঠপর্যায়ে কাজ করে নদী ও খাল বাছাই করেছেন। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা জানান, প্রতি কিলোমিটার নদী খননে ব্যয় হবে ১ কোটি ২১ লাখ টাকা। খালে ব্যয় হবে ৫৪ লাখ টাকা।
জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ বলেন, ‘যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা প্রকল্পের মধ্যে রাখা হয়েছে। এটা সরকারের অগ্রাধিকার প্রকল্প। মূলত নদীর পানি ধারণ ঠিক রেখে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।’
খননের মাটি কোথায় যাবে
নদী ও খাল খননের পর বিপুল পরিমাণ মাটি অপসারণ করতে হবে। এই মাটি যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে আবার নদী-খালের পাড় ভরাট হওয়া কিংবা অন্যত্র পরিবেশগত সমস্যা তৈরির আশঙ্কা থাকে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, জেলা কমিটির মাধ্যমে খনন করা মাটি ব্যবস্থাপনা করা হবে। এ মাটি দিয়ে সরকারি জমি, রাস্তা ও ধর্মীয় স্থাপনার জায়গা ভরাট করা যাবে। প্রয়োজনে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মাটি বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ খনন থেকে পাওয়া মাটি যাতে যত্রতত্র ফেলে রাখা না হয়, সে জন্য একটি ব্যবস্থাপনা কাঠামো অনুসরণের কথা বলা হয়েছে।
পাশাপাশি নদী-খালের অবস্থান, নাব্যতা, অবৈধ দখল ও ভরাটের তথ্য সংরক্ষণে জাতীয় পানিসম্পদ ডেটাবেজ তৈরি করা হবে। জিআইএস প্রযুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হবে। এর ফলে খননকাজের অগ্রগতি এবং নদী-খালের পরিবর্তিত অবস্থা ডিজিটাল পদ্ধতিতে অনুসরণ করা সম্ভব হবে।
পাড় সংরক্ষণ ও বৃক্ষরোপণ
প্রকল্পের আওতায় নদী ও খালের সীমানা চিহ্নিত করা এবং অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ থাকবে। এ জন্য ৬৪টি জেলায় ৬৪টি প্যাকেজের মাধ্যমে ল্যান্ডস্কেপিং, দখলমুক্তকরণ এবং আনুষঙ্গিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ কোটি টাকা।
নদী ও খালের পাড়ের মাটি ক্ষয় রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ জন্য ৪৪৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস লাগানো হবে। প্রতিটি উপজেলায় ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্থের এলাকায় এ ঘাস রোপণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ৮৯ লাখ বর্গমিটার এলাকায় ঘাস লাগানো হবে। এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
এ ছাড়া পাউবোর ৭০টি আঞ্চলিক বিভাগের মাধ্যমে নদী ও খালের পাড়ে ১ লাখ ৭ হাজার গাছ লাগানো হবে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। গাছ লাগানোর পাশাপাশি নদী ও খালের পাড়ের পরিবেশ উন্নয়ন এবং ভূমিক্ষয় কমানোর লক্ষ্য রয়েছে প্রকল্পটিতে।
বাড়তি উৎপাদনের আশা
প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, খাল, নদী ও জলাশয়ের পানি ধারণক্ষমতা প্রায় ৩ হাজার লাখ ঘনমিটার বাড়বে। এর ফলে প্রায় ১৭ লাখ ৫০ হাজার হেক্টর এলাকার পানিনিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলে জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে।
অন্যদিকে প্রকল্পের আওতায় ২ লাখ ৬৫ হাজার হেক্টর কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বছরে প্রায় ১০ লাখ ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা দেখছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Source - www.prothomalo.com ↗