Bangladesh · 2026-11-18 07:00:00

৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা

৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
একটা বই পড়া শেষ হলে সাধারণত কী করো? বইটা বন্ধ করে তাকের ওপর রেখে দাও, নাকি বন্ধুদের বলো, ‘এই বইটা তোমারও পড়া উচিত’? মিসরের ১১ বছর বয়সী মায়ার ওথমানের কাছে বই পড়া শুধু নিজের আনন্দের বিষয় নয়। বই থেকে পাওয়া আনন্দ অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চায় সে। আর সেই ইচ্ছারই এক অসাধারণ স্বীকৃতি পেয়েছে মায়ার। ৬০টির বেশি বই পড়ে সে জিতে নিয়েছে ৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা!
তবে টাকার অঙ্কটা যত বড়, মায়ারের অর্জন তার চেয়েও বড়। কারণ, এই প্রতিযোগিতায় তাকে পেছনে ফেলতে হয়েছে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীকে। প্রতিযোগিতার নাম ‘আরব রিডিং চ্যালেঞ্জ’। ২০২৬ সালের ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হয় এর দশম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে বিজয়ী হিসেবে মায়ারের নাম ঘোষণা করা হয়। পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন৬০টির বেশি বই, তারপর চূড়ান্ত লড়াই
মায়ারের বই পড়ার যাত্রা শুরু হয়েছিল তার স্কুল থেকেই। শিক্ষকেরা লক্ষ করেছিলেন, আরবি ভাষায় কথা বলতে সে বেশ স্বচ্ছন্দ। কোনো বিষয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতেও পারত সুন্দরভাবে। স্কুলের এক তত্ত্বাবধায়ক তার এই আগ্রহ ও দক্ষতা দেখে তাকে আরব রিডিং চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহ দেন।
প্রথমে কবিতা পড়তে ভালো লাগত মায়ারের। পরে ধীরে ধীরে গল্প, উপন্যাসসহ নানা ধরনের বই পড়তে শুরু করে। শুধু বই পড়লেই অবশ্য এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যায় না। পড়া বইয়ের বিষয়বস্তু বুঝতে হয়, নিজের ভাষায় তার সারাংশ বলতে হয়। বই থেকে কী শেখা গেল, সেটিও ব্যাখ্যা করতে হয়। মায়ার এসব কাজেই মনোযোগ দিয়েছিল।
প্রতিযোগিতার জন্য সে পড়েছে ৬০টির বেশি বই। মিসরের ১ কোটি ৭৬ লাখের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে এগিয়ে এসেছে চূড়ান্ত পর্বে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিল বিভিন্ন দেশের সেরা পাঠকেরা। শেষ পর্বে ছয়জন প্রতিযোগীকে সরাসরি দর্শকের সামনে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল মাত্র এক মিনিট। এরপর দর্শকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয় বিজয়ী।
সেই কঠিন পর্ব পেরিয়েই প্রথম হয় মায়ার। দ্বিতীয় স্থান অধিকার করে ফিলিস্তিনের ১৬ বছর বয়সী গাজাল রাশাদ। তৃতীয় সৌদি আরবের ১১ বছর বয়সী রায়ান আল জাকারি। দ্বিতীয় পুরস্কার ছিল ১ লাখ দিরহাম, আর তৃতীয় পুরস্কার ৭০ হাজার দিরহাম।
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকাপুরস্কারের টাকা দিয়ে কী করবে মায়ার
এত বড় অঙ্কের টাকা জিতলে তুমি কী করতে? নতুন কম্পিউটার, পছন্দের সাইকেল কিনতে; নাকি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে? আসলে এমন টাকা জিতলে অনেক কিছু করা যায়। কিন্তু মায়ারের পরিকল্পনা হয়তো একটু আলাদা।
সে চায়, পুরস্কারের টাকা দিয়ে নিজের স্কুলে একটি ছোট লাইব্রেরি তৈরি করতে। সেখানে যেন অন্য শিক্ষার্থীরাও বই পড়ার সুযোগ পায়। মায়ারের ভাষায়, বই তার মাথায় নতুন নতুন ভাবনা তৈরি করেছে, তার ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করেছে। তাই সে চায়, অন্যরাও বইয়ের জগতে প্রবেশের সুযোগ পাক।
প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজের সময় ব্যবস্থাপনার অভ্যাসও বদলেছে বলে জানিয়েছে মায়ার। স্কুলের পড়াশোনা আর বই পড়ার জন্য আলাদা সময় বের করতে শিখেছে সে। তার কাছে প্রকৃত পাঠক শুধু বই হাতে নিয়ে ঘোরে না; বই থেকে পাওয়া জ্ঞান ও ভাবনা কাজে লাগিয়ে আশপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
ভবিষ্যতে মিসরের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখে মায়ার। আরবি ভাষার প্রতি তার গভীর ভালোবাসা। সে মনে করে, এই ভাষার সৌন্দর্য ও ঐতিহ্যকে রক্ষা করা জরুরি। তাই শুধু নিজে পড়তে চায় না, অন্যদেরও পড়তে উৎসাহিত করতে চায়।
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে৪ কোটি শিক্ষার্থীর বই পড়ার উৎসব
মায়ারের এই জয় যে প্রতিযোগিতায়, সেটি শুরু হয়েছিল ২০১৫ সালে। সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে চালু হয় আরব রিডিং চ্যালেঞ্জ। উদ্দেশ্য ছিল আরব বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, আরবি ভাষায় দক্ষতা বাড়ানো এবং জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা।
প্রতিযোগিতাটি এখন আর শুধু আরব বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই। দশম আসরে অংশ নিয়েছে ৬০টি দেশের ৪ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থী। যুক্ত ছিল ১ লাখ ৩৮ হাজারের বেশি স্কুল এবং ১ লাখ ৬১ হাজারের বেশি তত্ত্বাবধায়ক। অর্থাৎ এটি এখন বিশ্বের সবচেয়ে বড় পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগগুলোর একটি।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শুধু কতগুলো বই পড়েছে, তা দিয়ে বিচার করা হয় না। পড়া বইয়ের মূল বক্তব্য বুঝতে পারছে কি না, নিজের ভাষায় তা প্রকাশ করতে পারছে কি না, শব্দভান্ডার ও চিন্তাভাবনায় কতটা উন্নতি হয়েছে, দেখা হয় তা-ও। চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীদের ২৫টি বইয়ের মূল ভাব ও বিষয়বস্তু নিয়ে মৌখিক পরীক্ষা দিতে হয়।
এই উদ্যোগের প্রভাব নিয়ে আয়োজকেরা একটি পরিসংখ্যানও প্রকাশ করেছেন। তাঁদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে শিক্ষার্থীরা সপ্তাহে গড়ে এক ঘণ্টারও কম সময় বই পড়ত। অংশ নেওয়ার পর তা বেড়ে সপ্তাহে চার ঘণ্টার বেশি হয়েছে। বছরে গড়ে বই পড়ার সংখ্যাও আটটি থেকে বেড়ে ৪০টির বেশি হয়েছে। অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশের আরবি ভাষার দক্ষতায় উন্নতি হয়েছে বলেও জানিয়েছে আয়োজকেরা।
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কারবই পড়া মানে শুধু পরীক্ষায় ভালো করা নয়
মায়ারের গল্পের সবচেয়ে সুন্দর দিকটি সম্ভবত এখানেই। সে বই পড়ে পুরস্কার জিতেছে, কিন্তু পুরস্কারের টাকা নিজের জন্য খরচ করার কথা প্রথমে ভাবেনি। বরং আরও অনেক শিশুর হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।
তোমার হয়তো একসঙ্গে ৬০টি বই পড়ার সুযোগ নেই। প্রতিদিন অনেকক্ষণ পড়ার সময়ও পাওয়া কঠিন। কিন্তু শুরু করতে তো খুব বেশি কিছু লাগে না। পছন্দের একটি বই দিয়ে শুরু করতে পারো। প্রতিদিন ১০-১৫ মিনিট পড়লেও ধীরে ধীরে বইয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে। কোনো বই ভালো লাগলে বন্ধুকে পড়তে দিতে পারো। পড়ে শেষ করলে নিজের ভাষায় গল্পটা কাউকে বলতে পারো। দেখবে, বইয়ের আনন্দ তখন আর শুধু তোমার মধ্যে আটকে থাকবে না।
মায়ারের বয়স মাত্র ১১ বছর। অথচ তার বই পড়ার অভ্যাস তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের কোটি কোটি শিক্ষার্থীর সামনে। তার জয়ের গল্প আমাদের মনে করিয়ে দেয়, বই পড়া শুধু সময় কাটানোর উপায় নয়। একটি বই তোমাকে নতুন পৃথিবী চিনতে শেখাতে পারে, এমনকি অন্যের জন্য কিছু করার ইচ্ছাও জাগিয়ে তুলতে পারে।
হয়তো তোমার পড়া পরের বইটিই এমন কোনো ভাবনার দরজা খুলে দেবে, যার কথা এখনো তুমি জানো না। তাই বই পড়ার জন্য বড় কোনো পুরস্কারের অপেক্ষা কোরো না। শুরু করে দাও আজই।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ ডটকম ও গালফ নিউজ
স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ

Source - www.kishoralo.com ↗