পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (হেলপার) নামে এক বাসশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনে তিনি মারা যান।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বাসস্ট্যান্ডে আসে। এরপর তারা বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে বাহক পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
Source - www.bd24live.com ↗