Bangladesh · 2026-11-18 10:00:00

কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও

কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও
একই সময়ে দুজনের জীবন কাটছে দুই ভুবনে। একজন ইতালির ফুটবল মাঠে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। আরেকজন সাও পাওলোর কারাগারে বসে ছেলের ফুটবল–জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করার হাতছানি। অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের বাস্তবতা। অথচ তাঁদের পরিচয় এক সুতোয় বাঁধা। একজন বাবা, অন্যজন ছেলে। বাবার নাম রবিনিও। ছেলের নাম রবিনিও জুনিয়র।
একসময় ব্রাজিলের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখতেন, রবিনিও একদিন পেলের মতো হবেন। পায়ের জাদুতে মুগ্ধ করবেন পুরো বিশ্বকে। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি নেইমারের আগে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন। ফুটবল–জীবনের শেষ অধ্যায়টাও লেখা হয়েছে এক কলঙ্কিত ঘটনায়। ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড নিয়ে এখন কারাগারে দিন কাটছে তাঁর। আর সেই কারাগারের বাইরে, ফুটবল মাঠে বাবার নামের ভার নিয়েই এগিয়ে চলেছেন ছেলে। তবে রবিনিও জুনিয়র চান, একদিন নিজের নামেই পরিচিত হতে।
পরশু রাতে পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেক হয় রবিনিও জুনিয়রের। বেলেমে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। যেন বাবার হারিয়ে যাওয়া ফুটবল-গৌরবের গল্পে নতুন একটি অধ্যায় লেখার শুরু।
রবিনিও। ব্রাজিলের জন্য দীর্ঘশ্বাসের অপর নামবাবার নাম থেকে নিজের পরিচয়
২০০৭ সালের ১৭ ডিসেম্বর সাও পাওলোর পৌর শহর সান্তোসে জন্ম রবিনিও জুনিয়রের। তখন তাঁর বাবা খেলতেন রিয়াল মাদ্রিদে। জুনিয়রের জন্মের সপ্তাহেই ছিল ‘এল ক্লাসিকো’। ছেলের পৃথিবীতে আসার আগেই তাঁকে গোল উৎসর্গ করতে শুরু করেছিলেন রবিনিও। তাঁর পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফুটবলে তিনি পরিচিত রবিনিও জুনিয়র নামেই। বাবার খ্যাতি তাঁকে এই পরিচয় দিয়েছে।
বাবার পথ ধরেই ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন জুনিয়র। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেও নিয়মিত হন পরের বছর। সে বছর ক্যাম্পেওনাতো পলিস্তা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সান্তোসের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ৯ গোল করে যৌথভাবে হন সর্বোচ্চ গোলদাতা। এরপর ২০২৫ সালে সুযোগ পান সান্তোসের অনূর্ধ্ব-২০ দলে। তত দিনে ক্লাব বুঝে গেছে, ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁকে মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত করে সান্তোস।
মূল দলে পেয়েছিলেন ৭ নম্বর জার্সি। এই জার্সিতেই একসময় সান্তোস মাতিয়েছেন তাঁর বাবা। গত বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এখন মূল দলের স্থায়ী সদস্য রবিনিও জুনিয়র। তাঁর সামর্থ্যের ওপর আস্থা রেখেই গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে সান্তোস। তখন তিনি হয়ে ওঠেন ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন। তবে পথটা সব সময় মসৃণ ছিল না।
ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে একবার ঝামেলায় জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন জুনিয়র। এ বছর সান্তোসের হয়ে ১২ ম্যাচ খেলার পর প্রায় এক মাস আর মাঠে নামার সুযোগ পাননি। কোচ কুকার অধীনে প্রত্যাশামতো ম্যাচ পাচ্ছিলেন না। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছিল, সান্তোস তাঁকে মূল দলের চেয়ে অনূর্ধ্ব-২০ দলে বেশি খেলানোর পক্ষপাতী ছিল। কিন্তু জুনিয়র ও তাঁর পরিবারের চাওয়া ছিল মূল দলে বেশি ম্যাচ খেলা।
সান্তোসে নেইমারের সঙ্গে রবিনিও জুনিয়রশেষ পর্যন্ত গত ২ সেপ্টেম্বর ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন রবিনিও জুনিয়র। চুক্তির মেয়াদ শেষে তাঁকে স্থায়ীভাবে কেনার সুযোগও রয়েছে ক্লাবটির। এখন পর্যন্ত জেনোয়ার হয়ে লিগে এক ম্যাচ খেলেছেন। সেই অভিষেক দেখেছেন তাঁর বাবা। তবে স্টেডিয়ামের গ্যালারি থেকে নয়, সাও পাওলোর কারাগারে বসে।
ব্রাজিল, নাকি ইতালি?
রবিনিও জুনিয়রের সামনে জাতীয় দল বেছে নেওয়ার সুযোগও আছে। তাঁর মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালিয়ান নাগরিকত্ব রয়েছে। ব্রাজিলে শৈশব থেকে রবিনিওর সঙ্গে ভিভিয়ানের প্রেমের শুরু। পরে বিয়ে। মায়ের ইতালিয়ান নাগরিকত্বের সুবাদে ছেলেও চাইলে ইতালির হয়ে খেলার সুযোগ পাবেন। পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। আপাতত দুটি দরজাই খোলা রাখতে চান জুনিয়র। বলেছেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব। অবশ্যই, পাওলো ভিক্টর (ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ) বলেছেন যে তিনি আমার ওপর ভরসা রাখছেন। তাই আমি খেলার জন্য প্রস্তুত আছি।’
মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তিদ্বৈত নাগরিকত্বধারী ফুটবলারদের ব্রাজিল দলে আনার বিষয়ে কোচ পাওলো ভিক্টরও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘এই খেলোয়াড়দের খুঁজে বের করতে আমরা বিভিন্ন দেশে সফর করেছি এবং সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) ও বিদেশি ক্লাবগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করেছি। আমাদের খেলোয়াড় অন্বেষণের পরিধি বাড়ানো এবং দ্বৈত নাগরিকত্বধারী এই খেলোয়াড়দের সুযোগ দেওয়া প্রয়োজন।’
স্বপ্ন নিয়ে বেড়ে উঠছেন রবিনিও জুনিয়রবাবার চেয়েও বড় হওয়ার স্বপ্ন
রবিনিও জুনিয়র ঠিক কতটা প্রতিভাবান, তা বোঝার জন্য তাঁর শুরুর দিকের কোচের কথাই যথেষ্ট। সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার আগে স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে খেলতেন জুনিয়র। সেখানে তাঁকে ডাকা হতো ‘জুনিনিও’ নামে। তাঁর প্রথম কোচ রবসন ফার্নান্দেজ দি অলিভেরা। গত বছরের অক্টোবরে ব্রাজিলের সাময়িকী ‘প্লাকার’কে দেওয়া সাক্ষাৎকারে শিষ্যের প্রতিভা নিয়ে কথা বলেছিলেন তিনি। স্মৃতিচারণা করে বলেছেন, ২০১২ সালের দিকে মাত্র ৫-৬ বছর বয়সে তাঁর কাছে এসেছিলেন জুনিয়র। অন্য শিশুদের চেয়ে শুরু থেকেই আলাদা ছিলেন।
কোচের ভাষায়, ‘আমি সব সময় ওকে বলতাম, যতক্ষণ সম্ভব বল পায়ে রাখতে। ওর বল না ছাড়ার প্রবণতা দেখে অন্য বাচ্চাদের মা-বাবারা আমার ওপর বিরক্ত হতেন। কিন্তু আমি সিদ্ধান্তে অটল ছিলাম, কারণ ওর মধ্যে আমি ব্যতিক্রমী কিছু দেখেছিলাম।’
জুনিয়রের বাঁ পায়ের ড্রিবলিংয়ে মুগ্ধ ছিলেন রবসন ফার্নান্দেজ দি অলিভেরা। এমনকি বাবার সঙ্গেও তুলনা টেনেছেন তিনি, ‘বাঁ পায়ে ছেলেটির ড্রিবলিং তাঁর বাবার চেয়েও অনেক বেশি নিখুঁত। সে অবিশ্বাস্য রকমের দক্ষ ছিল এবং বারবার চেষ্টা করার মতো অদম্য সাহস ছিল ওর মধ্যে।’ পোর্তুয়ারিসের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে রবসনের শেষ ম্যাচেও জোড়া গোল করেছিলেন রবিনিও জুনিয়র। সেই ম্যাচের পর তাঁর বাবাকে বলেছিলেন, ‘ছেলে তোমার চেয়েও বড় মাপের খেলোয়াড় হতে যাচ্ছে!’
বাবার চেয়ে বড় হওয়ার স্বপ্নটা যে একেবারে অসম্ভব নয়, সেটি এখনো বিশ্বাস করেন অনেকে। জেনোয়ার কোচ ড্যানিয়েল ডি রসিও মুগ্ধ হয়েছেন জুনিয়রের খেলায়। ক্লাবটিতে গত মাসে তাঁর অভিষেকের পর ডি রসি বলেছেন, ‘সে আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমি তাকে চিনতাম না। সে মাঠে কার্যকর ও বুদ্ধিদীপ্ত কাজ করে। তার শারীরিক শক্তি বাড়ানো প্রয়োজন, তবে মাঠে কীভাবে টিকে থাকতে হয়, সেটা সে জানে।’
জেনোয়ার জার্সিতে রবিনিওএকই নাম, দুই রকম জীবন
রবিনিওর ফুটবল–জীবন একসময় ছিল স্বপ্নের মতো। ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে করেছেন ২৮ গোল। সান্তোস থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, কত বড় ক্লাবেই না খেলেছেন! ব্রাজিলের ফুটবলে তাঁর আবির্ভাব হয়েছিল অসাধারণ প্রতিভা নিয়ে। কিন্তু সেই প্রতিভার পূর্ণ বিকাশ আর হয়নি। মিলানে থাকার সময় ২০১৩ সালে ইতালির একটি নৈশ ক্লাবে এক আলবেনিয়ান নারীকে ধর্ষণের ঘটনায় জড়িয়ে পড়েন রবিনিও। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ইতালির আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেন। রায়ের আগে ইতালি ছেড়ে ব্রাজিলে চলে আসেন তিনি। পরে ইতালির সর্বোচ্চ আদালত ব্রাজিল সরকারকে তাঁর সাজা কার্যকরের আহ্বান জানায়। ২০২৪ সালের মার্চে ব্রাজিলের ফেডারেল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকে সাও পাওলোর একটি কারাগারেই কাটছে তাঁর জীবন। ৪২ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ডকে এখনো ৯ বছরের সাজা ভোগ করতে হচ্ছে।
কিন্তু রবিনিও জুনিয়রের গল্পটা এখনো লেখা হচ্ছে। বাবার ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে সান্তোসে খেলেছেন। ইতালিতে নতুন ঠিকানা খুঁজেছেন। জাতীয় দল হিসেবে ব্রাজিলকে বেছে নেওয়ার সম্ভাবনাও সামনে রেখেছেন। এবার ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই করেছেন দুই গোল। ছেলের এই গোলগুলো হয়তো কারাগারের দেয়াল ভেদ করে বাবার কাছেও পৌঁছেছে। কিন্তু রবিনিও জুনিয়রের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত গোল দুটি নয়। বরং নিজের প্রতিভা দিয়ে এমন একটি পরিচয় তৈরি করার সুযোগ, যে পরিচয়ের পাশে বাবার নাম থাকলেও বাবার অতীতের ভার থাকবে না।
একদিন হয়তো মানুষ তাঁকে আর রবিনিওর ছেলে বলে চিনবে না। চিনবে রবিনিও জুনিয়র নামেই।

Source - www.prothomalo.com ↗