Bangladesh · 2026-11-18 14:00:00

একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে আলোচিত গবেষণা

একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে আলোচিত গবেষণা
সম্পর্ক ভালো রাখতে অনেকে দামি উপহার, রোমান্টিক ডিনার কিংবা ছুটিতে বেড়াতে যাওয়ার ওপর জোর দেন। কিন্তু গবেষণা বলছে, স্বাভাবিক আর মৌলিক বিষয়গুলোই স্বাস্থ্যকর সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন? একসঙ্গে হাঁটা! কখনো কখনো একসঙ্গে একটু হাঁটাও সম্পর্কের গভীরতা বাড়াতে সবচেয়ে সহায়ক হতে পারে! মনোবিদ ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের আলোচনায় এমনই একটি ধারণা উঠে এসেছে যার নাম ‘রিলেশনশিপ ওয়াকিং’ বা সম্পর্কের জন্য হাঁটা।
পায়ের স্বাস্থ্যবিষয়ক মার্কিন চিকিৎসক ও বিশেষজ্ঞদের একজন কোর্টনি কনলি। তিনি পায়ের কার্যকারিতা, হাঁটার ধরন, শরীরের নড়াচড়া ও দীর্ঘমেয়াদি সুস্থতার বিষয়ে কাজ করেন। বিবিসির চিকিৎসক ও উপস্থাপক ডা. রঙ্গন চ্যাটার্জির ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্টে সম্প্রতি তিনি হাঁটাকে শুধু শরীরচর্চা নয়, বরং মানুষের মধ্যে সংযোগ তৈরির একটি মাধ্যম হিসেবেও দেখেছেন।
এই পডকাস্টে কোর্টনি কেনলি বলেন, ‘আমার ১৪ বছরের একটা মেয়ে আছে। ওকে আমি জিজ্ঞেস করতাম, “আজ স্কুল কেমন গেল?” ও বলত, “এই তো।” “বন্ধুরা ভালো ছিল?” “হ্যাঁ।” “ক্লাসে সব ঠিকঠাক চলছে?” “চলছে।” এ রকম এক শব্দে উত্তর আসত।
আমি যেগুলো শুনতে চাইতাম, সেগুলোর কিছুই সে বলত না। তারপর একসময় আমরা দুজন হাঁটতে বের হলাম। আর হাঁটা শুরুর ৫ মিনিটের ভেতরই সে বিস্তারিত গল্প শুরু করল। গবেষণায় যেমনটা বলা হয়েছে, একদম সে রকম!’
‘রিলেশনশিপ ওয়াকিং’ কী
একসঙ্গে হাঁটলে বা জগিং করলে বাবা–সন্তানের মধ্যেও সম্পর্ক মজবুত হয়রিলেশনশিপ ওয়াকিং হলো সঙ্গী, সন্তান, মা–বাবা, বন্ধু কিংবা প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত হাঁটতে বের হওয়া। হাঁটার মূল উদ্দেশ্য কেবল ব্যায়াম নয়, বরং হাঁটতে হাঁটতে কথা বলা, একে অপরের কথা শোনা, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলাপ করা।
আর এসবের ভেতর দিয়ে গভীর, স্বাস্থ্যকর মানসিক সংযোগ তৈরি করা! কোর্টনির মতে, বাইরে হাঁটার সময় সরাসরি চোখে চোখ রেখে কথা বলার চাপ থাকে না। চারপাশের পরিবেশও মনোযোগকে স্বাভাবিক রাখে। শারীরিক নড়াচড়া ও রক্তপ্রবাহের পরিবর্তনও এতে ভূমিকা রাখতে পারে।
তাই হাঁটতে হাঁটতে দুজন মানুষ সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে। গবেষণার উল্লেখ করে তিনি আরও জানান, সপ্তাহে মাত্র ১ দিন দুজনে মিলে ৪০ মিনিট হাঁটাও সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
৩০ মিনিট হাঁটা, নাকি ১০ মিনিট দৌড়—কোনটা বেশি ভালোগবেষণা কী বলছে
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের একটি গবেষণা বলছে, একসঙ্গে হাঁটার সময় দুজনের পদক্ষেপের ছন্দ মিলে যেতে পারে। এই সমন্বয় পারস্পরিক সহমর্মিতা, ইতিবাচক যোগাযোগ ও বিরোধ মেটানোর মানসিকতা তৈরিতে সহায়ক হতে পারে।
২০২০ সালের আরেক গবেষণার তথ্য জানাচ্ছে, একসঙ্গে হাঁটার সময় পা মিলিয়ে হাঁটা ও কথোপকথনের পালাবদল—দুটিই পারস্পরিক ইতিবাচক ধারণা তৈরির সঙ্গে সম্পর্কিত।
২০২১ সালের ২৩২ দম্পতিকে নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত ২ দিন ৩০ মিনিট হাঁটা সম্পর্কের সন্তুষ্টি ও অঙ্গীকার রক্ষার সঙ্গে সম্পর্কিত।
হাঁটার অন্যান্য শারীরিক উপকারিতা
২০২৫ সালে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’-এ প্রকাশিত ৫৭টি গবেষণার একটি বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন ৭ হাজার স্টেপ হাঁটার সঙ্গে প্রতিদিন ২ হাজার স্টেপ হাঁটার তুলনায় মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ কম থাকার সম্পর্ক রয়েছে। হৃদ্‌রোগ, টাইপ-২ ডায়াবেটিস, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকিও কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।
হাঁটার আরও কিছু উপকারিতা
হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখা।

রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা।

মানসিক চাপ ও বিষণ্নতার উপসর্গ কমাতে সহায়তা।

ঘুম ও মেজাজের উন্নতি।

বয়স বাড়ার সঙ্গে চলাফেরার সক্ষমতা ধরে রাখা।
সূত্র: দ্য হেলদি ও ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্ট অবলম্বনে

কীভাবে হাঁটলে আরও বেশি ক্যালরি বার্ন হবে

Source - www.prothomalo.com ↗