কুমিল্লার বুড়িচংয়ে পূর্বশত্রুতার জেরে ৩২০ শতকের একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফিসারির মালিক মোশাররফ হোসেন ও তাঁর বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় ফিসারিতে গিয়ে পানিতে ভেসে থাকা মরা মাছ দেখতে পান মাছচাষি মোশাররফ হোসেন। ফিসারিজুড়ে লাখ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ভুক্তভোগী মোশাররফ হোসেন ও তাঁর বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁদের ফিসারিতে বিষ প্রয়োগ করে। এতে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। তাঁদের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাঁদের।
বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগে মাছ নিধন, নিঃস্ব হওয়ার পথে মাছচাষি মোশাররফ!

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Source - www.bd24live.com ↗