Bangladesh · 2026-11-18 15:00:00

হুতিরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করেছে, পডকাস্টার কার্লসনের এই দাবি কতটা সত্য

হুতিরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করেছে, পডকাস্টার কার্লসনের এই দাবি কতটা সত্য
ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে রেখেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো যুদ্ধের এই খবর প্রচার করছে না। রক্ষণশীল মার্কিন পডকাস্টার হিসেবে পরিচিত টাকার কার্লসন এমন দাবি করেছেন।
গত সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইকার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, ‘হুতিরা এই মুহূর্তে সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই পডকাস্টার বলেন, ‘তারা এখন সৌদি আরবের একটি অংশ দখল করে আছে। আমি জানি না, মার্কিন সংবাদমাধ্যমে এটি আদৌ প্রচার হচ্ছে কি না, তবে এটিই সত্যি। এটি অনেক বড় একটি ঘটনা।’
কার্লসন আরও যোগ করেন, ‘এই মুহূর্তে কি সৌদি আরবের মাটিতে হুতি বাহিনী অবস্থান করছে? হ্যাঁ, করছে।’
সৌদি ভূখণ্ড হুতিদের ‘দখল’ করার তথ্যটি কার্লসন কোথা থেকে পেয়েছেন, তা তিনি জানাননি। তবে এই গণমাধ্যম ব্যক্তিত্ব প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে থাকেন।
ফিন্যান্সিয়াল টাইমস গত অক্টোবরে জানিয়েছিল, কার্লসন ‘ভূমধ্যসাগরে বিলাসবহুল প্রমোদতরিতে অবস্থানরত কিছু আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যদের’ সঙ্গে দেখা করেছিলেন। কার্লসন তাঁর সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ‘এই সপ্তাহেই’ উপসাগরীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।
মার্কিন পডকাস্টার কার্লসন মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার সমালোচনা করলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু বলে মনে করেন।
যদিও কার্লসন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসনের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন, তবু ওয়েইকার্টকে তিনি জানান, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে।
ইয়েমেনের দুবাব থেকে বাব আল–মানদেব নিয়ন্ত্রণে নেওয়ার পর হুতি যোদ্ধারা। ১৫ নভেম্বর ২০২৬, ইয়েমেন‘হুতি অনুপ্রবেশ’

২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, হুতিরা সৌদি আরবের ভেতরে আকস্মিক হামলা চালাচ্ছে। কার্লসনের এই দাবি সে খবরেরই ধারাবাহিকতা।
ওই সূত্রগুলো জানিয়েছিল, সেসব হামলা অক্টোবরে ঘটেছিল। তবে হুতিরা তখনো সৌদি ভূখণ্ড দখল করে রেখেছিল কি না, তা তারা নিশ্চিত করেনি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম সীমান্ত এলাকাটি সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কার্যত নিষিদ্ধ। এই অঞ্চল পাহাড় ও বিশাল মরুভূমির সমন্বয়ে গঠিত। ইয়েমেনে সর্বশেষ লড়াইয়ের পর সেখানকার সব গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। ওই সময় হুতিরা সীমান্ত পেরিয়ে সৌদি আরবের ভেতরে অনুপ্রবেশ করেছিল।
হুতি ও সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার লড়াই মূলত ইয়েমেনের সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ। হুতিরা বর্তমানে সৌদি–সমর্থিত সরকারের অস্থায়ী রাজধানী ও বন্দর নগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
তবে হুতিরা সৌদি আরবের ভূখণ্ড দখলের বিষয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ্যেই বলে আসছে। হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশ—আসির, জাজান ও নাজরানের মালিকানা দাবি করে থাকে। ওই অঞ্চল ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল।
হুতিদের উত্থান ইয়েমেনের সাআদা প্রদেশে, যা সৌদি আরব সীমান্তের দক্ষিণে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
এই আন্দোলনের নামকরণ করা হয়েছে এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল–হুতির নামানুসারে এবং তারা শিয়া ইসলামের জায়েদি মতবাদ অনুসরণ করে। হুতিরা ইয়েমেনের সমাজের সর্বস্তর থেকে সদস্য সংগ্রহ করলেও তাদের শীর্ষ নেতৃত্ব নিজেদের হাশেমি বংশধর বলে দাবি করে। এই বংশ নবী হজরত মুহাম্মদ (সা.)–এর বংশের সঙ্গে যুক্ত।
পডকাস্টার কার্লসন আরও বলেন, তিনি বিশ্বাস করেন, ইরান ছাড়া অন্যান্য মদদদাতা হুতিদের এই যুদ্ধে সহায়তা করছে। এসব পক্ষ সৌদি রাজতন্ত্রকে দুর্বল দেখতে চায়।
কার্লসন বলেন, ‘আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে, হুতিদের আসলে কারা নিয়ন্ত্রণ করছে।’
ইয়েমেনে সৌদি হস্তক্ষেপ ও পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে হুতিরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে—সৌদি আরবের এমন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে অস্ত্র হাতে হুতি–সমর্থকেরা। ১৮ সেপ্টেম্বর ২০২৬, সানাযুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই পডকাস্টার আরও বলেন, ‘আমি মনে করি, হুতিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে। কিন্তু এর পেছনে কি কেবল এই একটি শক্তিই কাজ করছে?’
কার্লসন অবশ্য স্পষ্ট করেননি, তাঁর মতে কারা হুতিদের সমর্থন দিচ্ছে। তবে গত অক্টোবরে ড্রপসাইট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)–সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো গোপনে হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ দিয়ে সহায়তা করছিল।

Source - www.prothomalo.com ↗