Bangladesh · 2026-11-03 23:16:15

নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অমিও কুমার দাস (৬০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে চায়ের দোকানে যাওয়ার পথে উপজেলার বিহারকোল বাজারে একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার কর্তব্যরত ডাক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তর মৃত্যু হয়। নিহত অমিও কুমার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল মহল্লার মৃত কার্তিক দাসের ছেলে। তিনি বিহারকোল বাজারে চায়ের দোকান চালাতেন। বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় অমিও নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে রাজশাহীর সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো বার্তা পাননি। বার্তা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

The post নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗