রাজশাহীতে ফটোশপের মাধ্যমে পোশাকশ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে উসকানি সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মো. মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি দুর্গাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগের নেতা। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মো. মুরশিদ আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে পোশাকশ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের তথ্য পাওয়া যায়।
এ ছাড়া তার ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধি আইনে দুটি মামলা রয়েছে।
রাজশাহীতে ভুয়া ছবি ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
The post রাজশাহীতে ভুয়া ছবি ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗