Bangladesh · 2026-11-18 14:52:12

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির আহ্বান রাশেদ খাঁনের

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির আহ্বান রাশেদ খাঁনের
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে সেখানে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না বলে মন্তব্য করেন তিনি।

এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খাঁন। সে ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’

বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

রাশেদ খাঁনের ভাষ্য, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়লে তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এমন ঘটনা ঘটলে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। এ কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এ সময় বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।

Source - www.bd24live.com ↗