বরগুনা সদর হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একদল লোক হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা চালায়। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে।
আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীরা মব সন্ত্রাস করেছে। তাদের হামলায় এক্স-রে মেশিনটি সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে।
এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এক্স-রে করাতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
বরগুনা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর, বিচারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Source - www.bd24live.com ↗