Bangladesh · 2026-11-18 14:37:04

নির্মাণের তিন মাসে বাঁধে ধস, প্রকল্পের মান যাচাইয়ে মন্ত্রণালয়ের তদন্ত দল

নির্মাণের তিন মাসে বাঁধে ধস, প্রকল্পের মান যাচাইয়ে মন্ত্রণালয়ের তদন্ত দল
বান্দরবানের লামায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পের নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণের তিন মাসে বাঁধ ধস ও জোড়াতালি দেয়ার ঘটনা তদন্তে সরেজমিন পরিদর্শন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল। বৃহস্পতিবার সকালে তদন্ত দলটি মাতামুহুরী নদীর ব্রিজঘাট থেকে মারমা শ্মশানঘাট পর্যন্ত নির্মিত ব্লক বাঁধ পরিদর্শন করে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তদন্ত দলে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফছা বেগম এবং পাউবোর দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার তারেক, পাউবো বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অপু দেব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘লামা বাজার রক্ষা’ নামে ৩৩ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের আওতায় এক কিলোমিটার দীর্ঘ ব্লক বাঁধ নির্মাণের কাজ দুটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। এর মধ্যে একটি প্যাকেজের কাজ করে হাসিবুল এন্টারপ্রাইজ এবং অন্যটির কাজ করে শহীদ ব্রাদার্স। হাসিবুল এন্টারপ্রাইজের কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির তৈরি সাড়ে ছয় হাজার ব্লক গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বাতিল করেছে পাউবো। সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে ‘বান্দরবানের লামা: নির্মাণের তিন মাসে বাঁধে ধস, প্রকল্পের মান নিয়ে প্রশ্ন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ অধিদপ্তর থেকে পাউবোর কক্সবাজার নির্বাহী প্রকৌশলী-১-এর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করে মন্ত্রণালয়ের তদন্ত দল।

অভিযোগ রয়েছে, ৩৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পাউবো। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় বৃষ্টিতে বাঁধের কয়েক স্থানে ধসে নদীতে পড়ে। এতে প্রকল্পের নির্মাণমান নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই বাঁধে ধস দেখা দিয়েছে। সরেজমিনেও কাজের বিভিন্ন অসংগতি দেখা গেছে। পাউবো বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অপু দেব বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ও পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ একটি দল লামার প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

সরেজমিন দেখা যায়, লামায় মাতামুহুরী নদীর মারমা শ্মশান এলাকায় নতুন ব্লক বাঁধের অংশ ধসে আছে। ধসে পড়া স্থানে খোয়া ফেলে ফিল্টার করার কাজ চোখে পড়েনি। কার্যাদেশ অনুযায়ী, বাঁধে চার ইঞ্চি পুরু ইটের খোয়া দিয়ে ফিল্টার করার কথা। তবে মাত্র এক ইঞ্চি পুরু ইটের খোয়া বিছানো হয়েছে। ফিল্টারে তিন মিলিমিটার জিওটেক্সটাইল ব্যবহারের কথা থাকলেও নদীর নিচের অংশে তা দেখা যায়নি। নদীর ঢালের ওপর এক মিটার উঁচু সুরক্ষা দেয়াল (গাইডওয়াল) নির্মাণের কথা ছিল। ধসে পড়া স্থানে তা পাওয়া যায়নি। কার্যাদেশ অনুযায়ী, নদীর বাজারঘাট অংশের বাঁ তীরে এক কিলোমিটার এলাকায় তিন শ্রেণির দুই লাখ ৪২ হাজার ২৪৩টি ব্লক বসানোর কথা। নদীতীরের বাসিন্দাদের অভিযোগ, ব্লক তৈরিতে মাতামুহুরী নদীর কাদামিশ্রিত বালু এবং ময়লাযুক্ত স্থানীয় পাহাড়ি পাথরসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে পাহাড় থেকে পানি নদীতে পড়লে ব্লক বাঁধের বিভিন্ন অংশ ধসে যায়। পানি কমে গেলে বাঁধটির ভাঙাচোরা অংশ দৃশ্যমান হয়। গত এপ্রিলে নদীতীরে ব্লকগুলো বসানো হয়েছিল। কার্যাদেশ অনুযায়ী, নদীতে জিগজ্যাগ পদ্ধতিতে ব্লক ফেলে ডাম্পিং করার কথা। তবে দ্রুত শেষ করতে গিয়ে কাজে গোঁজামিল দেওয়া হয়েছে বলে অভিযোগ নদীতীরের বাসিন্দাদের। কাজের অনিয়মের অভিযোগে উপজেলা প্রশাসন দুইবার কাজ বন্ধ করে ঠিকাদারকে সতর্ক করেছিল। তবে ঠিকাদার কানে নেননি। ফলে তিন মাস না যেতেই ব্লক বাঁধটি নদীতে ধসে যায়।

অভিযোগ প্রসঙ্গে বাঁধের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হাসিবুল এন্টারপ্রাইজের মালিক আশরাফুল নবী বলেন, কার্যাদেশ অনুযায়ী কাজ হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি।

প্রকল্পের নথি অনুযায়ী, বাঁধের তীরে জৈব সুরক্ষায় (বায়োলজিক্যাল প্রটেকশন) চার লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৬০০টি গাছ রোপণ করার কথা। প্রতিটি গাছ রোপণে ব্যয় দেখানো হয়েছে ৮০০ টাকার বেশি। পাউবো নিজস্ব ব্যবস্থাপনায় গাছ লাগানোর দাবি করেছে। তবে বাঁধের তীরে পুরো এক কিলোমিটার এলাকায় কোথাও গাছ রোপণের গর্ত, বাঁশের বেড়া কিংবা মরা গাছ চোখে পড়েনি। বাজারঘাট এলাকার বাসিন্দা নাজমুল আলম বলেন, ‘নদীর পারে আমার বাড়ি। এখানে গাছ লাগালে তো আমরা দেখতাম।’

এদিকে বাঁধ প্রকল্পের অর্থে লামা উপজেলার প্রকল্প এলাকা থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে বান্দরবান জেলা শহরে প্রকল্পের অর্থে একটি বাংলো নির্মাণ করা হচ্ছে। তিনতলা বাংলোটি নির্মাণে ব্যয় হচ্ছে দুই কোটি ৬৪ লাখ টাকা। দেশের বিভিন্ন স্থান থেকে পাউবোর কর্মকর্তারা বান্দরবান ভ্রমণে এলে এই বাংলোয় থাকবেন। তবে কর্মকর্তাদের বিনোদনের জন্য বাঁধ প্রকল্পের অর্থে বাংলো নির্মাণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রকৌশলী অপু দেব বলেন, ‘বান্দরবানে অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পাউবোর নিজস্ব কোনো বাংলো নেই। এছাড়া আমাদের অফিসটিও পুরোনো হয়ে গেছে। তাই লামা বাজার প্রকল্পের আওতায় এ বাংলো কাম অফিস করা হচ্ছে।’

২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত একবছর প্রকল্পের মেয়াদ ধরা হয়। ঠিকাদার তড়িঘড়ি কাজ শুরু করে প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হওয়ার আগে তড়িঘড়ি করে ৯০ ভাগ কাজ শেষ দেখিয়ে ৮৫ শতাংশ বিলও তুলে নেন ঠিকাদার। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বোপরি, প্রকল্পটির প্রয়োজনীতা, একই সঙ্গে গাছ না লাগানোর অভিযোগ, বাঁধের কাজে অনিয়ম, বাংলো তৈরি এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজ।

Source - www.bd24live.com ↗