Bangladesh · 2026-11-18 17:08:02

সরিষাবাড়ীতে পৃথক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুইজন গ্রেপ্তার

সরিষাবাড়ীতে পৃথক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুইজন গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী রাসেল মাহমুদ (২৭) এবং ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কুরবান আলী (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর গভীর রাতে উপজেলার ভেবলা এলাকা থেকে রাসেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৪ জানুয়ারি বাউশী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, ১৬ নভেম্বর রাতে উপজেলার রায়দের পাড়া এলাকা থেকে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Source - www.bd24live.com ↗