ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এর আগে সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে শ্রমিকরা গাজীপুরার হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘শ্রমিকরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিই।’
এ ঘটনার পর হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরের আশপাশের অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে, অবরোধের কারণে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ও গাজীপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।’
Source - www.bd24live.com ↗