Bangladesh · 2026-11-18 18:25:43

বিলিয়নারদের রাজনৈতিক প্রভাব ভাঙতে যা দরকার

বিলিয়নারদের রাজনৈতিক প্রভাব ভাঙতে যা দরকার
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি করেছে। তবে তাঁর পদত্যাগের ঘটনা আরও আগেই ঘটতে পারত। অভিযোগ ছিল, চীনের এক গুপ্তচরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর রাজনৈতিক মিত্ররা বিষয়টিকে গুরুত্ব দেননি।
ফলে হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে বহাল ছিলেন। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নীতিনির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
হুয়াংয়ের পদত্যাগের এক সপ্তাহের কিছু বেশি সময় আগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। কিন্তু তাঁর সমর্থিত অনেক প্রার্থীই নির্বাচনে হেরে যান। সবচেয়ে বড় ধাক্কা আসে টেক্সাসে। সেখানে ডেমোক্র্যাটরা সিনেটের একটি আসন, গভর্নর পদ, অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি আসনেই জয়ী হয়। মাস্কের জন্য এই পরাজয় বিশেষভাবে বেদনাদায়ক। কারণ, তিনি তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের বড় অংশ টেক্সাসে সরিয়ে নিয়েছেন এবং সেখানকার রিপাবলিকান নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
ইলন মাস্ক যেভাবে বিশ্বের ১ নম্বর সমস্যা হয়ে উঠলেনটুইটারে যেভাবে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্কআমরা সাধারণত ধরে নিই, নির্বাচনে শেষ পর্যন্ত বড় অঙ্কের টাকাই জয়-পরাজয় নির্ধারণ করে। তাই বিপুল অর্থ ব্যয় করেও ধনকুবেরদের পছন্দের প্রার্থীরা হেরে গেলে তা স্বস্তির খবর হয়ে ওঠে। কিন্তু কোনো প্রার্থী পরাজিত হলেই ধনকুবেরদের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়ে যায় না। ট্রাম্পের আমলে হুয়াং যেভাবে রাজনৈতিক সুরক্ষা পেয়েছেন, সেটিই দেখায়, সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করার আরও অনেক পথ তাঁদের হাতে রয়েছে।
ধনসম্পদ ও রাজনৈতিক ক্ষমতার এই যোগসাজশ কীভাবে ভাঙা যায়, সেটিই ২১ নভেম্বর প্যারিসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ধনকুবেরতন্ত্র–বিরোধী প্রথম সম্মেলনের মূল আলোচ্য বিষয়। এর প্রথম কাজ হলো এমন নিয়মকানুন ভেঙে দেওয়া, যার সুযোগে অতিধনীরা নিজেদের সম্পদকে নিয়ন্ত্রণহীন রাজনৈতিক ক্ষমতায় রূপান্তর করতে পারেন।
রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ধনকুবেরদের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রয়োজন নেই। তাঁরা নির্বাচনী প্রচারে অর্থ দেন, সংবাদমাধ্যমের মালিক হন এবং নীতিনির্ধারকদের কাছে বিশেষ সুযোগ পান। এভাবে তাঁরা নিজেদের ব্যবসার জন্য করছাড় ও সরকারি ভর্তুকি আদায় করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত সম্পদকর বাতিলের পক্ষে প্রচারে ৩০ জন ধনকুবের ২৯ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করেছিলেন। তাঁদের প্রচার সফলও হয়। আবার ট্রাম্পের মতো কেউ কেউ নিজেদের ব্যবসায়িক স্বার্থ বিসর্জন না দিয়েই রাষ্ট্রক্ষমতায় প্রবেশ করেন।
এনভিডিয়ার সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংএভাবে একটি দুষ্টচক্র তৈরি হয়। দুর্বল আইনকানুনের সুযোগে ধনীরা বিপুল সম্পদের মালিক হন। এরপর আইনজীবী ও হিসাবরক্ষকদের বিশাল দল নিয়োগ করে বেনামি কোম্পানির আড়ালে নিজেদের সম্পদ লুকিয়ে রাখেন। সেই অর্থ দিয়ে রাজনৈতিক প্রভাব কেনেন। পরে নিজেদের সুবিধামতো আইন ও নীতি তৈরি করান। এতে তাঁদের সম্পদ ও ক্ষমতা আরও বাড়ে। জবাবদিহি না থাকায় দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং গণতন্ত্র দুর্বল হয়।
যুক্তরাষ্ট্র একমাত্র দেশ নয়, যেখানে অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাব কেনা যায়। যুক্তরাজ্যে ২০১৫ সালে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলগুলোকে দেওয়া
অনুদানের মাত্র ১ শতাংশ এসেছিল ১০ লাখ পাউন্ড বা তার বেশি অর্থ দানকারীদের কাছ থেকে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশে।
ধনকুবেরেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও ভোটারদের প্রভাবিত করতে পারেন। গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গবেষকেরা দেখেছেন, মেটা বিদেশে অবস্থানকারী ব্যবহারকারীদের অর্থায়নে ১ হাজার ৬০০টির বেশি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করেছে। অথচ ব্রাজিলের আইন বিদেশি অর্থায়নে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করে। নির্বাচনের কাছাকাছি সময়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেন, মেটার অ্যালগরিদম ব্রাজিলের নির্বাচনী বিতর্কে একটি পক্ষের বক্তব্যকে অন্য পক্ষের তুলনায় বেশি মাত্রায় সীমিত করেছে।
ডিজিটাল ভবিষ্যৎ বেজোস–মাস্কের হাতে ছেড়ে দেওয়া যাবে নাট্রাম্প কোটিপতিদের বশ করেছেন, নাকি কোটিপতিরা ট্রাম্পকেমেটার কর্মীদের অভ্যন্তরীণ প্রতিবেদনেও দেখা যায়, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রচার সীমিত করা হচ্ছিল। অন্যদিকে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে বেশি সুপারিশ করা হচ্ছিল। মেটা পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে একে কারিগরি ত্রুটি বলে দাবি করেছে। ব্যাখ্যা যা-ই হোক, ঘটনাটি দেখিয়ে দিয়েছে, ভোটাররা কী দেখবেন ও শুনবেন, তা নির্ধারণে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কতটা বেশি।
রাজনৈতিক দল পরিচালনা ও নির্বাচনী প্রচারের জন্য অর্থ প্রয়োজন। মানুষ যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তাতে অর্থসহায়তা দেওয়ার অধিকারও তাঁদের রয়েছে। কিন্তু কয়েকজন ধনকুবের যখন লাখ লাখ সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেন—এমন সিদ্ধান্তের ওপর অসামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, তখন গণতন্ত্র বিপদের মুখে পড়ে।
তবে আশার কথা, ভোটাররা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। নেপালে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের ফলে একটি ব্যবস্থাবিরোধী দল ক্ষমতায় এসেছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের ১৪ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। এসব ঘটনা দেখায়, জবাবদিহির দাবি রাজনৈতিক সংস্কারের পথ খুলে দিতে পারে। তখন কার কত টাকা আছে, তার ওপর রাজনৈতিক প্রভাব নির্ভর করবে না।
তবে শুধু রাজনৈতিক অনুদানের সীমা বেঁধে দিলেই চলবে না। প্রকৃতপক্ষে কোনো কোম্পানি বা সম্পদের মালিক কে, তা প্রকাশ করতে হবে। অবৈধ অর্থ লুকানোর সুযোগ তৈরি করে—এমন আইনি ফাঁকফোকর বন্ধ করতে হবে। সরকারি পদ ব্যবহার করে যাঁরা নিজেদের সম্পদ বাড়ান, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সরকারি ভর্তুকি ও চুক্তি বণ্টনে করপোরেট লবিস্টদের প্রভাবও কঠোরভাবে সীমিত করতে হবে।
মাইরা মার্তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, ইংরেজি থেকে অনূদিত

Source - www.prothomalo.com ↗