বন অধিদপ্তরের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে অনিয়ম, অসততা ও দুর্নীতি। বহুমাত্রিক উপযোগিতার আধার প্রকৃতির অনবদ্য সৃষ্টি বনভূমির সংরক্ষণব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে ঘুণে ধরা বন প্রশাসন। এখানে খোদ বন মন্ত্রণালয় কিংবা উচ্চ আদালতের নির্দেশ প্রতিপালিত হয় না বলে অভিযোগ রয়েছে। বরং পদোন্নতি, নিয়োগ ও পদায়ন ঘিরে গড়ে উঠেছে প্রভাবশালী একটি সিন্ডিকেট।
অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি আটকে দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতে বিধিমালা উপেক্ষা, মামলার তথ্য গোপন এবং ভুয়া জ্যেষ্ঠতা নির্ধারণের মতো কর্মকাণ্ড চলছে। এই পদোন্নতি বাণিজ্য নির্বিঘ্ন করতে প্রায় তিন শতাধিক বনকর্মীর কাছ থেকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে পদোন্নতিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বন অধিদপ্তরের অভ্যন্তরে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
মামলা পাশ কাটিয়ে পদোন্নতি নিশ্চিত করতে কোটি টাকার মিশন!

অভিযোগ সূত্রে জানা গেছে, ন্যায়সঙ্গতভাবে পদোন্নতি পাওয়ার যোগ্য হয়েও বঞ্চিত একাধিক বন কর্মকর্তা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা নিম্ন আদালতে সাতটি এবং উচ্চ আদালতে তিনটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাগুলো আমলে নিয়ে আদেশের প্রক্রিয়ায় থাকলেও বনবিভাগে চলমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
এসব অনিয়ম ও অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার বিনিময়ে পদোন্নতি বাণিজ্য চালিয়ে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, এই সিন্ডিকেটের মূলহোতা হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন নিয়মবহির্ভূতভাবে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি পাওয়া আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন অসাধু ও প্রভাবশালী বন কর্মকর্তা। তাদের নেতৃত্বেই অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে পদোন্নতি আদায়ের একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
বনবিভাগের অভ্যন্তরীণ নথি ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ডেপুটি রেঞ্জার থেকে রেঞ্জার পদে পদোন্নতি এখন আর জ্যেষ্ঠতা বা কর্মদক্ষতার ওপর নির্ভর করছে না। বরং কে কত দ্রুত এবং কত টাকা দিতে পারছে—সেটাই হয়ে উঠেছে প্রধান বিবেচ্য। মাঠপর্যায়ের কিছু অসাধু ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার ব্যাচভিত্তিক গ্রুপের মাধ্যমে জনপ্রতি মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে সংশ্লিষ্ট মহলকে কমিশন দিয়ে মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই পদোন্নতি নিতে মরিয়া হয়ে উঠেছে। এ সংক্রান্ত একাধিক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে পদোন্নতি পেতে অর্থ সংগ্রহের কথোপকথন স্পষ্ট।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও তাদের ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি কেউ কেউ মামলা চলমান অবস্থায় পদোন্নতি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই রেঞ্জার পদে উন্নীত হওয়ার তদবির শুরু করেছিলেন। ভুক্তভোগীদের দাবি, এই তড়িঘড়ি পদোন্নতির পেছনে রয়েছে অবৈধ অর্থ লেনদেনের শক্তিশালী নেটওয়ার্ক।
অভিযোগের তালিকায় সবচেয়ে আলোচিত নাম আমীরুল হাসান। বিভিন্ন মামলায় কারাভোগ ও সাময়িক বরখাস্ত থাকা সত্ত্বেও ২০১৬ সালের গ্রেডুয়েশন তালিকায় নাম না থাকলেও তাকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ২০১৮ সালে নিয়মিতকরণ হয়ে ২০২০ সালের পদোন্নতি ভাগিয়ে নেন। একই ধারাবাহিকতায় দুদকের মামলা চলমান থাকা অবস্থায় চিন্ময় মধু ও সুলতানুল আলম নামের কর্মকর্তাদেরও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ধরনের অনিয়ম, মামলাজট এবং পদোন্নতি বিধিমালার অসঙ্গতি নিরসনের দাবিতে ভুক্তভোগী কর্মকর্তারা প্রধান বন সংরক্ষক কার্যালয় ও সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অন্তত ৭০টির বেশি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে অভিযোগ ও মামলাগুলোর নিষ্পত্তি না করেই পুনরায় রেঞ্জার পদে পদোন্নতির জন্য ৪১১ জনের নামে প্রত্যয়ন প্রদান করায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সুপারিশপত্রে ২৮৯ জন কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে, বিধি মেনেই জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তাবিত কোনো প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি মামলা নেই। কিন্তু ভুক্তভোগী কর্মকর্তাদের দাবি, এই প্রত্যয়ন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, কারণ বর্তমানে সাত থেকে ১০টি মামলা সরাসরি পদোন্নতি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে।
মামলার নথি ও আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদোন্নতি নীতিমালা লঙ্ঘন ও জ্যেষ্ঠতা উপেক্ষা করে অসাধু উপায়ে পদোন্নতি দেওয়ার অভিযোগে বর্তমানে সাতটির বেশি মামলা চলমান রয়েছে। এর মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনাল মামলা নম্বর ১১০/২৬-এর শুনানি শেষে গত ১৫ নভেম্বর প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। তবে তিনি ব্যক্তিগত হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, ১৯৮৫ সালের নিয়োগবিধির আওতায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করতে পরবর্তী সময়ে প্রণীত ২০১১ ও ২০১৯ সালের নিয়োগবিধির অপব্যবহার করা হয়েছে। এমনকি উচ্চ আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন একাধিক মামলার তথ্য গোপন রেখেই পদোন্নতির সুপারিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির জানান, নিম্ন আদালতে দায়ের করা মামলাগুলোতে পদোন্নতি প্রক্রিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই এবং কেউ নাম ব্যবহার করে টাকা তুললে তার দায় তিনি নেবেন না।
অন্যদিকে, পিএসসির ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন জানান, মামলায় কোনো নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নিতে আইনগত বাধা নেই। উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দাবি করেন, এ ধরনের কোনো নোটিশ তাদের কাছে পৌঁছায়নি।
Source - www.bd24live.com ↗