Bangladesh · 2026-11-18 19:23:06

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে এ ঘটনা ঘটে। ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করেন। এ সময় বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে সেটি বাইরে এনে পুড়িয়ে দেন তাঁরা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। রেজিস্ট্রার দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। পরে তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এ বিষয়ে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম প্রথম আলোকে বলেন, ‘১৬ নভেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা ও চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার পক্ষে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল ১৭ নভেম্বর বিভাগের চেয়ারম্যানের পদ থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

Source - www.prothomalo.com ↗