এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। সিঙ্গাপুরের ওয়ান ফেরার হোটেলে অনুষ্ঠিত ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। সভায় অঞ্চলের বিভিন্ন দেশের জাতীয় মার্কেটিং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই সভায় রজার ওয়াং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ড. ড্যান ভিসিতচাইচান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই নেতৃত্ব সদস্য দেশগুলোতে মার্কেটিংয়ের উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং নতুন ভাবনার বিকাশে ফেডারেশনের কার্যক্রম এগিয়ে নেবে।
এই নির্বাচন বাংলাদেশের মার্কেটিং অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে এশিয়ার শীর্ষস্থানীয় মার্কেটিং ফেডারেশনের জ্যেষ্ঠ নেতৃত্বে স্থান পেলেন একজন বাংলাদেশি পেশাজীবী।
এশিয়া মার্কেটিং ফেডারেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাজিদ মাহবুব

সাজিদ মাহবুব বর্তমানে এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বে থেকে তিনি ডিজিটাল যুগে ফেডারেশনের ১৭টি সদস্য দেশের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও যৌথ উদ্যোগের ধরন নতুনভাবে সাজাতে ভূমিকা রেখেছেন। প্রযুক্তি, তরুণদের সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নের গল্পকে এক সূত্রে গেঁথে তিনি এশিয়াজুড়ে একাধিক উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যা আঞ্চলিক মার্কেটিং ভাবনার কেন্দ্র হিসেবে এএমএফ-এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সাজিদ মাহবুব বলেন, “এশিয়া মার্কেটিং ফেডারেশনের সদস্য সংগঠনগুলো আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি গভীরভাবে সম্মানিত। এশিয়াতেই মার্কেটিংয়ের ভবিষ্যৎ রচিত হচ্ছে। আমাদের বাজার, মেধা ও ভাবনাকে একসূত্রে যুক্ত করতে এএমএফ-এর অনন্য ভূমিকা রয়েছে। প্রেসিডেন্ট রজার ওয়াং এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ভিসিতচাইচানের সঙ্গে আমি আরও সংযুক্ত, ডিজিটাল এবং উদ্দেশ্যনির্ভর একটি ফেডারেশন গড়ে তুলতে চাই, যা পুরো অঞ্চলে প্রবৃদ্ধি ও কল্যাণের শক্তি হিসেবে মার্কেটিংকে এগিয়ে নেবে। এই স্বীকৃতি আমার একার নয়। এটি সমানভাবে বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির।
সাজিদ মাহবুব একজন মার্কেটিং ও ব্র্যান্ড রূপান্তর বিশেষজ্ঞ। সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতে তাঁর প্রায় দুই দশকের কৌশলগত নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এএমএফ-এ নতুন দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও, তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনে চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অন্যান্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততায় রয়েছে, গ্লোবাল বোর্ড মেম্বার, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন (আইএএ); অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ, কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি; এবং জেনারেল সেক্রেটারি, ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিল ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ।
দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি থিংক ট্যাংক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে তিনি কমিউনিকেশন স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কনসালটেন্সি, সাসটেইনেবিলিটি, ইনোভেশন ও তরুণদের ক্ষমতায়নসহ বিস্তৃত কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। সাসটেইনেবিলিটি সামিট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস, রিটেইল কংগ্রেস, ইনোভেশন সামিট এবং কমিউনিকেশন অ্যাওয়ার্ডস অ্যান্ড লিডারশিপ সামিটের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো এগিয়ে নিতেও তিনি ভূমিকা রেখেছেন।
মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি বিভিন্ন ফ্ল্যাগশিপ সামিট, জাতীয় স্বীকৃতি প্ল্যাটফর্ম এবং আগামী প্রজন্মের মার্কেটিং লিডারদের জন্য প্রশিক্ষণ একাডেমি গড়ে তুলতে ভূমিকা রেখেছেন।
উদ্দেশ্যনির্ভর মার্কেটিং, তরুণদের কণ্ঠস্বর এবং বদলে যাওয়া ব্র্যান্ড প্রেক্ষাপট নিয়ে সাজিদ মাহবুব থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নেপালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফোরামে নিয়মিত কিনোট বক্তব্য দিয়ে থাকেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকগুলোর একজন নিয়মিত কলাম লেখক। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এর একজন সম্মানিত ট্রাস্টি বোর্ড মেম্বার, এবং, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সম্মানিত অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।
Source - www.bd24live.com ↗