Bangladesh · 2026-11-18 21:07:31

তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ

তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসের অফিস ছেড়ে চলে যান। পরে কয়েকটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আজ বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।
আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তিন কর্মকর্তাকে ধরে নিয়ে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করেন ছাত্রদলের ওই নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা যাঁদের প্রক্টর অফিসে সোপর্দ করেছেন, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে হানা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের খোঁজাখুঁজি করেন ছাত্রদলের নেতা। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরিফ হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফ্যাসিস্টদের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব তৎপরতা ঠেকাতে তাঁদের ধরে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।আটক কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা জানান, এ ঘটনার পর তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাহীনতা বোধ করায় তাঁদের কেউ কেউ অফিস ছেড়ে ক্যাম্পাস থেকে চলে যান। এদিকে কয়েকটি দপ্তরে ভাঙচুর করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন। তবে ওই শিক্ষার্থীরা নাম প্রকাশ করে বিস্তারিত কিছু বলতে চাননি।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টদের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব তৎপরতা ঠেকাতে তাঁদের ধরে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাসহ চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছেবিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, ‘সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র দাস সন্ধ্যায় জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন অর রশিদ আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, এ ধরনের অভিযোগ থাকলে প্রক্টরকে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source - www.prothomalo.com ↗