Bangladesh · 2026-11-18 23:09:29

লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি

লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি
লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৫ জন উপদেষ্টা। প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির সরকারকে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে দেশে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলেছেন সাবেক এই উপদেষ্টারা।
আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। লন্ডনের পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের অন্যান্য স্থানে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক উপদেষ্টারা। এসব ঘটনায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনের অনুগত ব্যক্তিরা জড়িত বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে জুলাই বিপ্লবের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং তাঁর সহকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের গুরুতর শারীরিক ক্ষতি করার চেষ্টা করেন। নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ছয়জন ব্রিটিশ নাগরিক এতে আহত হন। তাঁদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সাবেক উপদেষ্টারা বিবৃতিতে বলেন, বিদেশের মাটিতে এই হামলাকে তাঁরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। তাঁদের মতে, এটি সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির একটি সমন্বিত আন্তর্দেশীয় অভিযানের অংশ।
বিবৃতিতে বলা হয়, জুলাই–আগস্টের অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, গুম ও নৃশংসতার তথ্য জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এসবের জন্য অনুশোচনা প্রকাশের পরিবর্তে ক্ষমতাচ্যুত শাসনের অনুগত অংশ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার ও জুলাই বিপ্লবের শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লন্ডনের সহিংসতাকে দেশের ভেতরে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম থেকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিবৃতিদাতারা। তাঁদের অভিযোগ, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের কর্মীরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালিয়েছেন। থানা ও নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িও রয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, এসব কর্মকাণ্ড বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে নিরপরাধ নাগরিকদের প্রাণহানি ঘটেছে।
নোবেল শান্তি পুরস্কারজয়ী ও ক্ষুদ্রঋণের পথিকৃৎ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৩৬টির বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিদাতাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়েছে।
সাবেক উপদেষ্টারা বলেছেন, দেশে ও বিদেশে রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি দেখানোর এই ধারাবাহিকতা চরম নিন্দনীয়। এটি গণতান্ত্রিক প্রতিবাদের কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, এসব কর্মকাণ্ড ক্ষমতাচ্যুত শাসনের প্রকৃত চেহারা প্রকাশ করে।
বাংলাদেশ যাতে আর কখনো ভয়ের রাজনীতির কাছে জিম্মি না হয়, সে জন্য এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে দায়ী ব্যক্তিদের পূর্ণ জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। দায়ী ব্যক্তিরা যেখান থেকেই তৎপরতা চালান না কেন, তাঁদের বিচারের মুখোমুখি করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিদেশে বাংলাদেশি নাগরিক ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে জোরালো ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টারা। এর মধ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের কথাও বলেছেন তাঁরা। বিদেশে অবস্থানরত পলাতক গোষ্ঠীগুলোর সৃষ্ট হুমকি মোকাবিলারও দাবি জানিয়েছেন তাঁরা।
দেশে চলমান অগ্নিসংযোগ, বোমা হামলা ও সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিবৃতিদাতারা। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সরকারের নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম অবিলম্বে ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সোমবারের লন্ডনের হামলা নিয়ে ব্যাপক ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টারা। তাঁরা বলেছেন, প্রাণনাশের ঝুঁকি তৈরি করা এই হামলায় জড়িত সব ব্যক্তি ও উসকানিদাতাকে সন্ত্রাসবিরোধী আইনসহ ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনতে হবে।
পলাতক ব্যক্তিরা যাতে সহিংস কর্মকাণ্ড সংগঠিত করা, সহায়তা দেওয়া কিংবা অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিবৃতিদাতা সাবেক ১৫ উপদেষ্টা হলেন সালেহউদ্দিন আহমেদ, এম ফাওজুল কবির খান, সি আর আবরার, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বীর প্রতীক ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, শেখ বশিরউদ্দীন, আ ফ ম খালেদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ানা হাসান।
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, আহত ৫

Source - www.prothomalo.com ↗