Bangladesh · 2026-11-18 22:10:49

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে
জোহানেসবার্গ টেস্টের ভবিষ্যৎটা যেন দেখাই যাচ্ছে। বাংলাদেশ ব্যাট হাতে অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারলে ম্যাচ ড্র হতে পারে, নয়তো হার একরকম অবশ্যম্ভাবী। সেটি যে ইনিংস ব্যবধানে হবে না, সে নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না। বৃষ্টি আর আলোকস্বল্পতায় গতকাল চতুর্থ দিনের খেলা ঘণ্টাখানেক আগে শেষ হয়ে যাওয়ার পর আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস হার এড়াতেই ৫ উইকেট হাতে থাকা বাংলাদেশের দরকার আরও ৫৭ রান।
গতকাল চতুর্থ দিনের শুরুতেও বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার লিড অল্পতে আটকে রাখার সুযোগ ছিল। শেষ বেলায় ৫ ওভারের ভেতর ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সকাল সকাল বাকি ৩ উইকেট ফেলে দিতে পারলেই ভালো অবস্থানে চলে যেত বাংলাদেশ। কিন্তু বোলাররা সেটি করতে করতে আরও ১৭১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৫৫৭ রানে, লিড হয়ে যায় ১৫৭ রানের।
বেশির ভাগ রানই এসেছে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান কাগিসো রাবাদা আর ডেন পেটারসনের ব্যাট থেকে। আর তাঁদের সুযোগটা করে দেন বাংলাদেশের বোলার–ফিল্ডাররাই। স্লিপে দাঁড়িয়ে রাবাদার সহজ ক্যাচ নিতে পারেননি স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন।
৪ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ইনিংসে এর আগে মাত্র একটি ফিফটি পাওয়া রাবাদা ৭২ রান করে যখন মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং হন, ততক্ষণে ম্যাচ বাংলাদেশের হাত থেকে প্রায় ছিটকে গেছে। পরশুই দুবার জীবন পাওয়া রায়ান রিকেলটনও সেঞ্চুরি পেয়েছেন গতকাল।
যন্ত্রণাটা আরও বাড়িয়ে দেন শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা ডেন পেটারসন। তাঁর স্টাম্প ভেঙে দিয়ে ৫ উইকেট পাওয়ার উদ্‌যাপনে মেতেছিলেন পেসার হাসান মাহমুদ, কিন্তু তার মধ্যেই আম্পায়ার সংকেত দেন ‘নো’ বলের। এরপর আরও ২৯ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। ১১ নম্বর ব্যাটসম্যান পেটারসন ২৭ বলে ২ চার আর ছক্কায় করেন ২৯।
চতুর্থ দিন দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের জন্য কাজটা কঠিনই হওয়ার কথা ছিল। তবু দুই ওপেনার মিলে ৭ ওভার পার করে দিয়েছিলেন। এর মধ্যে তানজিদ হাসান দুবার রিভিউ নিয়ে বাঁচেন, মাহফিজুল জীবন পান ক্যাচ তুলে।
একটু একটু করে তাঁরা যখন স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন বলে মনে হচ্ছিল, তখনই আউট হয়ে যান তানজিদ। মার্কো ইয়ানসনের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার রিকেলটনের হাতে ক্যাচ দেন ৪ রান করেই। পরের ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে তা স্টাম্পে টেনে এনে বোল্ড মুমিনুলও।
৮ ডিসমিসাল নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন লিটনমুমিনুলের বিদায়ের পর বাংলাদেশ তাকিয়ে ছিল অধিনায়ক নাজমুলের দিকে। তিনি ও মাহফিজুল বেশ কিছুক্ষণ উইকেটে টিকে থাকারও চেষ্টা করেন। মাঝে প্রায় ৯ ওভার কোনো বাউন্ডারিও আসেনি। কিন্তু চা–বিরতিতে যাওয়ার আগেই আউট হয়ে যান নাজমুল। সায়মন হারমারের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়ে যায় স্লিপে। টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে একটিই ফিফটি এসেছে নাজমুলের ব্যাট থেকে।
৩ উইকেট হারিয়ে চা–বিরতিতে যাওয়া বাংলাদেশ আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে হারিয়েছে আরও দুই উইকেট। অভিষেক ইনিংসে শূন্য রান করা মাহফিজুল ৯২ বলে ৩২ রান করে বোল্ড হয়েছেন হারমারের বলে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে; প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হৃদয়ও আউট হয়ে গেছেন দিন শেষ হওয়ার আগেই।
আগের তিন ইনিংসে ২৪২, ৮২ আর ১৩৭ রান করা হৃদয়কে এবার থামতে হয়েছে ২৩ রানে। রাবাদার বাউন্সার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন, তাঁর ব্যাট ছুঁয়ে শরীরে লেগে বল চলে যায় উইকেটকিপার রিকেলটনের গ্লাভসে।
এর কিছুক্ষণ পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেছে, পরে তো বৃষ্টিও আসে। টেস্ট বাঁচাতে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজও এমন কিছুর প্রার্থনায়ই হয়তো থাকতে হবে বাংলাদেশকে। আর নয়তো বড় দায়িত্ব কাঁধে নিতে হবে উইকেটে থাকা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিমকে। এরপর স্বীকৃত ব্যাটসম্যান আছেন আর শুধু মেহেদী হাসান মিরাজই।
১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন

Source - www.prothomalo.com ↗