Bangladesh · 2026-11-18 22:57:49

প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা

প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা
বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত স্থায়িত্ব, সামাজিক প্রভাব ও সুশাসন মূল্যায়নে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৭-এ প্রথমবারের মতো স্থান পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ১ হাজার ৩০১ থেকে ১ হাজার ৪০০-এর মধ্যে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩তম এবং বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নোবিপ্রবি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

কিউএসের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। তবে একই র‍্যাঙ্কিং ব্যান্ডে নোবিপ্রবির সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিও রয়েছে।

*পরিবেশগত গবেষণায় বিশ্বে ৫৮৫তম নোবিপ্রবি*

র‍্যাঙ্কিংয়ের সূচকভিত্তিক ফলাফলে নোবিপ্রবির পরিবেশগত প্রভাব (Environmental Impact), সামাজিক প্রভাব (Social Impact) ও সুশাসন (Governance) তিনটি প্রধান ক্ষেত্রেই অবস্থান ১ হাজার ২৫১তম বা পরবর্তী ব্যান্ডে। তবে উপসূচকগুলোর মধ্যে পরিবেশগত গবেষণায় (Environmental Research) বিশ্বে ৫৮৫তম এবং জ্ঞান বিনিময়ে (Knowledge Exchange) ৪৯৩তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে পরিবেশগত প্রভাব ও সামাজিক প্রভাবকে ৪৫ শতাংশ করে এবং সুশাসনকে ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। পরিবেশগত শিক্ষাব্যবস্থা, গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, কর্মসংস্থান ও ফলাফল, সমতা, স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষার প্রভাব, জ্ঞান বিনিময় এবং সুশাসন—এই নয়টি উপসূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

*শিক্ষার্থীদের উপকারেই অর্জনের সার্থকতা দেখছেন সংশ্লিষ্টরা*

এ অর্জনের বিষয়ে র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে, নোবিপ্রি প্রথমবারের মতো QS Sustainability Rankings 2027-এ স্থান করে নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এই অর্জনের পেছনে মাননীয় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও অবদান রয়েছে। তবে র‍্যাঙ্কিংয়ের প্রকৃত সুফল যখন আমাদের শিক্ষার্থীরা পাবে এবং এর মাধ্যমে তাদের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা আরও সমৃদ্ধ হবে, তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।’

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা করছেন। শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রকল্প নিয়ে কাজ করছে। র‍্যাঙ্কিংয়ে অর্জিত অবস্থান মূলত এসব গবেষণা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, উপাচার্য দায়িত্ব নেওয়ার পরপরই টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়ের অবস্থান এসেছিল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে ঘাটতি থাকায় পয়েন্ট কম এসেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উপ-উপাচার্য বলেন, বহুমাত্রিক গবেষণা, গবেষণা প্রকল্পে অর্থায়ন, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানে ছাদে সৌরবিদ্যুৎ ও সবুজায়নের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন ও উপাচার্যের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের কার্যক্রম মূল্যায়ন করা হয়।

Source - www.bd24live.com ↗