Bangladesh · 2026-11-19 01:20:49

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা। কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।
দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।
সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ। মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সেমিনারের ‘প্রধান মেহমান’ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে দুজনই উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকেরা।
সকাল থেকে শুরু হওয়া সেমিনারে কওমি ঘরানার সঙ্গে যুক্ত আলেম ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। আয়োজনের এক পর্যায়ে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’–এর মোড়ক উন্মোচন করেন মধুপুরের পীরসহ উপস্থিত জ্যেষ্ঠ আলেমরা। এরপরই মঞ্চ থেকে বইটির একটি কপি ‘নিলামে’ বিক্রির ঘোষণা দেওয়া হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। দুই হাজার টাকা দাম হাঁকেন একজন; অন্য একজন হাঁকেন ১০ হাজার টাকা।
১০ হাজার টাকার পর বইটির দাম ২০ হাজার টাকা হাঁকেন মো. আবু তাহের নামের একজন তরুণ আলেম। আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেন ৩০ হাজার টাকা। এরপর দর্শকসারি থেকে ৪০ হাজার ও ৪৫ হাজার টাকায় বইটি কিনতে আগ্রহ দেখানো হয়। পরে আবু তাহের ৫০ হাজার টাকা হাঁকেন এবং লুৎফুর রহমান হাঁকেন ৫৫ হাজার টাকা।
এ পর্যায়ে ‘মূল্যের’ পরিবর্তে ‘হাদিয়া’ শব্দটি ব্যবহার করতে থাকেন সঞ্চালক। ৫৫ হাজার টাকার পর বইটির দাম হাঁকা নিয়ে প্রতিযোগিতা হয় মূলত দু–তিনজনের মধ্যে। একজন আবু তাহের, অন্যজন সুপরিচিত ইসলামি বক্তা মুফতি ইয়াহইয়া মাহমুদ।
তাহের ৬০ হাজার বললে ইয়াহইয়া বলেন ৭০ হাজার। লুৎফুর রহমান ফরায়েজী হাঁকেন এক লাখ। এরপর তাহের ১ লাখ ২০ হাজার টাকা হাঁকেন। সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ৩০ হাজার টাকা। এই ‘হাদিয়ায়’ বইটি কিনে নেন মুফতি ইয়াহইয়া মাহমুদ। মঞ্চে উপস্থিত মধুপুরের পীরসহ জ্যেষ্ঠ আলেমদের স্বাক্ষরযুক্ত বইটি তুলে দেওয়া হয় তাঁর হাতে।
পরে আয়োজনের একজন সঞ্চালক বলেন, সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের কাজকে অনুপ্রাণিত করতে এই প্রতীকী আয়োজন (নিলাম) করা হয়েছে। এর উদ্দেশ্য টাকা ওঠানো নয়, বরং পুরোটাই দাওয়াতি কাজ।

Source - www.prothomalo.com ↗