Bangladesh · 2026-11-19 07:00:00

চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই

চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই
মরুভূমির বালিয়াড়ি পেছনের আকাশে বিশাল গোলাপি চাঁদ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে লম্বা গলার এক জিরাফ। মনে হচ্ছে, কোনো সিনেমার দৃশ্য। ছবিটি এত অবিশ্বাস্য যে অনেকেই ভেবেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অথচ ছবিটি একেবারেই বাস্তব। দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী কাইল গোয়েটশের ক্যামেরায় ধরা পড়েছে এই অসাধারণ মুহূর্ত।
ছবিটি তুলতে গিয়ে অবশ্য বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমিতে সেদিন একদল আলোকচিত্রীর কর্মশালা চলছিল। গোয়েটশ তাঁর শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন মরুভূমির বালিয়াড়ির ওপর একটি পুরোনো গাছের পেছনে পূর্ণিমার চাঁদ ওঠার ছবি তুলতে। আশপাশে জিরাফ আছে, সেটি তাঁরা জানতেন। তবে ছবির পরিকল্পনায় জিরাফ ছিল না।
ক্যামেরা ও ট্রাইপড সাজানোর সময় হঠাৎ গোয়েটশের চোখে পড়ল, একটি বিশাল জিরাফ তাঁদের দিকে এগিয়ে আসছে। সম্ভবত আশপাশের শব্দে কৌতূহলী হয়ে প্রাণীটি কাছে চলে এসেছিল। গোয়েটশ বুঝতে পারলেন, জিরাফটি এগিয়ে গেলে চাঁদের ঠিক সামনে দিয়ে চলে যাবে। এমন সুযোগ হাতছাড়া করা যায় না!
ক্যামেরা আর ট্রাইপড নিয়ে দ্রুত দৌড় দিলেন তিনি। পেছনে থাকা দলের সদস্যদেরও চিৎকার করে দৌড়ে আসতে বললেন। সবাইকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, তারপর ক্যামেরায় বন্দী করতে হবে সেই মুহূর্ত।
গোয়েটশের হাতে সময় ছিল খুব কম। তাঁর ভাষায়, ‘অসাধারণ একটি ছবি তোলার জন্য খুব অল্প সময় পাওয়া যায়। আমার মনে হয়েছিল, দৃশ্যটি দারুণ হবে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।’
প্রথম কয়েকটি ছবি তোলার পরই বুঝতে পেরেছিলেন, অসাধারণ কিছু একটা ক্যামেরায় ধরা পড়েছে।
ফাতিহা আয়াত পেল বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি এআই ভেবে ভুল করেন অনেকে
গোয়েটশের তোলা ছবিতে দেখা যায়, বিশাল গোলাপি চাঁদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি জিরাফ। চাঁদের আলোয় জিরাফের অবয়ব আরও রহস্যময় হয়ে উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের ধারণা, ছবিটি এআই দিয়ে তৈরি।
গোয়েটশ অবশ্য বিষয়টিকে প্রশংসা হিসেবেই দেখেন। তিনি বলেন, তাঁর ছবিগুলোর মধ্যে এই ছবিটিকে সবচেয়ে বেশি এআই দিয়ে তৈরি বলে সন্দেহ করা হয়। তাঁর মতে, ছবিটি এত বিরল ও ব্যতিক্রমী যে এমন সন্দেহ হওয়াটাও একধরনের প্রশংসা। কারণ, এতগুলো উপাদান একসঙ্গে মিলে যাওয়ার ঘটনা খুব কমই ঘটে।
মজার ব্যাপার হলো, ছবিটি তোলার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ভূমিকা ছিল না। সেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভাগ্যের। পরে আরেকটি জিরাফ এসে প্রথম জিরাফটির গায়ে নাক ঘষে আদর করেছিল। সেই মুহূর্তের ছবিও তুলেছেন গোয়েটশ। তাঁর নিজের তোলা প্রিয় ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো বিশেষ জায়গা করে নিয়েছে।
১০০ বছর অপেক্ষার পর মাত্র একবার ফুল ফুটিয়েই মারা যায় এই উদ্ভিদজীবরসায়ন থেকে আকাশের ছবি তোলা
আলোকচিত্রী হওয়ার আগে গোয়েটশের জীবন ছিল একেবারেই অন্য রকম। তাঁর জীবরসায়নে পিএইচডি ডিগ্রি রয়েছে। কেপটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। অণু ও অণুজীব নিয়ে গবেষণাই ছিল তাঁর কাজ। কিন্তু ২০১৮ সালে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জীবনের মোড় ঘুরে যায়।
সেদিন নিজের শহর কেপটাউনের সৌন্দর্য ক্যামেরার লেন্সে দেখার সুযোগ হয়েছিল তাঁর। এরপর আর পেছনে ফিরে তাকাননি। ধীরে ধীরে আলোকচিত্র হয়ে ওঠে তাঁর পেশা ও নেশা। বিশেষ আগ্রহ তৈরি হয় রাতের আকাশের ছবি তোলার প্রতি। এ ধরনের আলোকচিত্রকে বলা হয় অ্যাস্ট্রোফটোগ্রাফি।
তাঁর ক্যামেরায় তোলা একটি ছবি দক্ষিণ আফ্রিকাজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল। ছবিতে দেখা যায়, কেপটাউনের বিখ্যাত লায়নস হেড পাহাড়ের মাথার ওপর বিস্তৃত আকাশে জ্বলজ্বল করছে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে। এই ছবি তুলতে তাঁকে প্রায় পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল। পাহাড়ে বারবার উঠেছেন, কিন্তু কখনো কুয়াশা, কখনো আকাশের অবস্থা, আবার কখনো মিল্কিওয়ের অবস্থানের কারণে মনমতো ছবি তুলতে পারেননি। অবশেষে সবকিছু মিলে যাওয়ার পর ক্যামেরায় বন্দী করেন সেই অসাধারণ দৃশ্য।
সূত্র: সিএনএন
পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬

Source - www.kishoralo.com ↗