Bangladesh · 2026-11-19 08:30:00

সোনার গয়নার হিসাব আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

সোনার গয়নার হিসাব আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে
বিয়ে, উপহার কিংবা নিজের কেনা—সোনার গয়না সম্পদের একটি অংশ। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এসব গয়নার হিসাব সম্পদ বিবরণীতে দেখাতে হয়।
তবে কত ভরি সোনা আছে, এর মূল্য কীভাবে নির্ধারণ করবেন এবং পুরোনো গয়নার হিসাব কীভাবে দেবেন, তা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আবার কারও কাছে ১০ ভরি সোনার গয়না আছে, কিন্তু রিটার্নে বেশি দেখান, তাও ঠিক নয়।
আয়কর রিটার্নে সোনার গয়নার হিসাব দেখানোর জন্য সম্পদ বিবরণীর নির্ধারিত খাত ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে গয়নার পরিমাণ ও মূল্য উল্লেখ করা জরুরি। সোনার বর্তমান বাজারদর এবং গয়নার ক্রয়মূল্য এক বিষয় নয়। তাই রিটার্নে হিসাব দেওয়ার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে।
কোন খাতে সোনার হিসাব দেবেন
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদ ও দায়ের বিবরণী অংশে যেতে হবে। সেখানে সোনা, হীরা, মূল্যবান পাথর ও অন্যান্য অলংকারের জন্য নির্ধারিত খাতে গয়নার হিসাব দিতে হবে।
এ জন্য প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সম্পদ ও দায়ের বিবরণী অংশে গিয়ে অলংকারের খাত নির্বাচন করে সোনার পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে।
কত ভরি সোনা আছে, হিসাব দেবেন কীভাবে
আপনার কাছে একাধিক ধরনের সোনার গয়না থাকলে সব কটির পরিমাণ যোগ করে মোট হিসাব দিতে পারেন। যেমন, কারও কাছে ২ ভরি সোনার চুড়ি, ৩ ভরি সোনার হার, ১ ভরি কানের দুল এবং ১ ভরি আংটি থাকলে মোট সোনার পরিমাণ হবে ৭ ভরি।
ধরা যাক, এসব গয়নার মোট ক্রয়মূল্য ৫ লাখ টাকা। সে ক্ষেত্রে সম্পদ বিবরণীতে ৭ ভরি সোনার গয়না এবং মূল্য ৫ লাখ টাকা দেখাতে হবে।
পুরোনো গয়নার মূল্য কীভাবে দেখাবেন
আগের বছরগুলোতে কেনা সোনার গয়নার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে। গত বছর আয়কর রিটার্নে যে মূল্য দেখিয়েছেন, পরবর্তী বছরেও সেই মূল্য দেখাতে হবে। সোনার বাজারদর বেড়ে গেলেই সম্পদ বিবরণীতে গয়নার মূল্য বাড়িয়ে দেখানোর প্রয়োজন নেই।
ধরা যাক, গত বছর আপনার কাছে ৫ ভরি সোনার গয়না ছিল। রিটার্নে এসব গয়নার মূল্য দেখিয়েছিলেন ৩ লাখ টাকা। এ বছর সোনার দাম বেড়ে গেলেও রিটার্নে আগের দেখানো ৩ লাখ টাকা দেখাতে হবে।
অন্যদিকে চলতি বছরে নতুন করে সোনার গয়না কিনলে তার প্রকৃত ক্রয়মূল্য হিসাবের সঙ্গে যুক্ত করতে হবে। কেনার রসিদ থাকলে তা সংরক্ষণ করা ভালো।
উপহার পাওয়া গয়নার হিসাবও দিতে হবে
বিয়ে, জন্মদিন কিংবা অন্য কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার গয়না পেলে সেটিও সম্পদ বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। গয়নার পরিমাণ ও মূল্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। উপহার পাওয়ার বিষয়টি এবং গয়নার মূল্য নির্ধারণের ভিত্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা ভালো।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
আয়কর রিটার্নে সোনার গয়নার হিসাব দেওয়ার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
১. সোনার গয়নার পরিমাণ ভরিতে উল্লেখ করুন।
২. পুরোনো গয়নার ক্ষেত্রে আগের বছর রিটার্নে দেখানো মূল্য বজায় রাখুন।
৩. নতুন গয়না কিনলে প্রকৃত ক্রয়মূল্য যুক্ত করুন।
৪. গয়না কেনার রসিদ ও উপহার পাওয়ার প্রমাণ থাকলে সংরক্ষণ করুন।
৫. গয়না বিক্রি বা হস্তান্তর করলে সম্পদ বিবরণীতে তার যথাযথ সমন্বয় করুন।
সব মিলিয়ে আয়কর রিটার্নে সোনার গয়নার হিসাব দেওয়ার ক্ষেত্রে শুধু গয়নার পরিমাণ উল্লেখ করলেই হবে না, এর মূল্য ও অর্থের উৎসের হিসাবও সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের সঙ্গে আয়, ব্যয় ও অন্যান্য সম্পদের হিসাবের মিল থাকা জরুরি।

Source - www.prothomalo.com ↗