Bangladesh · 2026-11-19 08:23:20

অতীতের পুনরাবৃত্তি যেন না হয়

অতীতের পুনরাবৃত্তি যেন না হয়
যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে সেতুর প্রয়োজনীয়তাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। অথচ এই সেতু কীভাবে নদীর সর্বনাশ করে চলেছে, ১৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামের বিশেষ আয়োজনে তা স্পষ্টভাবে উঠে এসেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এলজিইডি, দুর্যোগ মন্ত্রণালয়, সওজসহ সরকারের সংস্থাগুলো ছোট সেতু, নিচু সেতু নির্মাণ করে কীভাবে ‘নদী হত্যায়’ নেতৃত্ব দিয়েছে।
দেশের ২৬টি জেলায় ৮০টি নদী ও খালে এ রকম সেতুর সংখ্যা প্রায় ২৯০। খুলনা, যশোরসহ পাঁচ জেলা দিয়ে প্রবাহিত ভৈরব নদেই নির্মাণ করা হয়েছে ৪৮টি সেতু ও কালভার্ট; বরগুনার খাকদোন নদের ১৭ কিলোমিটারে নির্মাণ করা হয়েছে ২১টি সেতু। নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এভাবে সেতু নির্মাণ শুধু অবৈজ্ঞানিকই নয়, স্বেচ্ছাচারিতার চূড়ান্ত বহিঃপ্রকাশও। দুঃখজনক হলেও সত্যি, বিগত সরকারগুলো উন্নয়নের নামেই নদী ও খাল হত্যার এই আয়োজনকে বৈধতা ও স্বীকৃতি দিয়েছে।
এই বাস্তবতার মধ্যে আমরা দেখছি যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল বুধবার ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শিরোনামের প্রকল্প অনুমোদন হয়েছে। দেখা যাচ্ছে যে নতুন প্রকল্পে থাকা ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়নি। ফলে এ ক্ষেত্রে ঝুঁকি থেকেই যাচ্ছে।
প্রথম আলোর খবর জানাচ্ছে, প্রকল্পটি ২০২৩ সালে বিগত আওয়ামী লীগ আমলের। ব্যয় ও সংখ্যা বাড়িয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২৫৬টি সেতু নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুক্তি হলো, এসব সেতু নির্মিত হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, খুঁটি ছাড়াই সেতুগুলো নির্মাণ করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কয়টি সেতু এখনই নির্মাণ করা জরুরি? দেশের অর্থনীতিতে যখন নিম্ন প্রবৃদ্ধির মন্দ হাওয়া বইছে, টানা উচ্চ মূল্যস্ফীতির কারণে লাখ লাখ মানুষ নতুন করে দরিদ্র হচ্ছে, তখন এমন প্রকল্পের অর্থ কোথা থেকে আসবে?
আমরা অতীতে দেখেছি, সংসদ সদস্যদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে সেতু নির্মাণের নামে অর্থ অপচয় ও নদী হত্যার আয়োজন চলে। সংসদ সদস্যরা (এমপি) নিজেদের নির্বাচনী এলাকায় সেতু, সড়কসহ, অবকাঠামো উন্নয়নে আগ্রহী হন। কেননা, তাঁদের জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে নিজেদের সংসদীয় আসনে উন্নয়নের ওপর। অথচ সংসদ সদস্যদের মূল কাজই হলো আইন প্রণয়নে ভূমিকা রাখা। দেখা যায় যে সংসদ সদস্যদের ইচ্ছাপূরণের যে আকাঙ্ক্ষা, সেটিকেই সুযোগ হিসেবে ব্যবহার করেন এলজিইডির অসাধু কর্মকর্তারা। যেনতেনভাবেই তাঁরা প্রকল্পের অনুমোদন দেন। পরিকল্পনা কমিশনও যাচাই–বাছাই না করে সেটা একনেকে পাঠায়। ফলে প্রকল্প শেষ হলে দেখা যায়, সেতু হয়েছে, সড়ক হয়নি বা সেতু এত ছোট করে নির্মাণ করা হয়েছে যে নদীই মরে গেছে বা সেতু নিচু করে নির্মাণ করায় নৌপথই শেষ হয়ে গেছে।
উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত যথার্থই বলেছেন, ‘সেতু নির্মাণের পরিকল্পনা হতে হবে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে; ব্যক্তির ইচ্ছায় নয়।’
নতুন সেতু নির্মাণের ক্ষেত্রে অবশ্যই জনস্বার্থ, পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাবনা—এই তিন বিষয়েই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটি শুরু করার আগে যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই করা জরুরি।

Source - www.prothomalo.com ↗