Bangladesh · 2026-11-19 08:36:17

আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্পে হামলা-ভাঙচুর

আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্পে হামলা-ভাঙচুর
মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাম্পে কর্মরত কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন পাম্পটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে অতর্কিত ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক পাম্পে আসেন। তারা পাম্পের অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।’

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Source - www.bd24live.com ↗