Bangladesh · 2026-11-19 10:22:13

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও
ছোট্ট বন্ধুরা, গণিত উৎসব ২০২৭-এর নিবন্ধন শুরু হয়েছে। আর এখনই তোমাদের কাছ থেকে তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি আসছে: প্রশ্ন কেমন হয়? সিলেবাস কী? কোন বই পড়ব?
ছোট করে উত্তরটা হলো—বাঁধাধরা কোনো সিলেবাস নেই, প্রশ্ন আসে চিন্তা করার মতো সমস্যা হিসেবে, আর প্রস্তুতির শুরু তোমার নিজের শ্রেণির গণিত বই থেকেই। এবার একটু গুছিয়ে বলি।
এ বছরের জুলাইয়ে চীনের সাংহাইয়ে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের ছয় প্রতিযোগীর সবাই পদক পেয়েছে: একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ। দলের ১২১ নম্বর এখন পর্যন্ত আইএমওতে দেশের সর্বোচ্চ দলীয় নম্বর। আইএমওর বাংলাদেশ দল বাছাইয়ের জন্যই দেশজুড়ে এই গণিত উৎসব হয়। তবে পদক না পেলেও ক্ষতি নেই। নতুন ধরনের সমস্যা নিয়ে ভাবার আনন্দটাই আসল প্রাপ্তি।
∎ তুমি কোন ক্যাটাগরিতে?
গণিত অলিম্পিয়াড হয় চারটি ক্যাটাগরিতে। ২০২৬ সালের ডিসেম্বরে তুমি যে শ্রেণিতে আছ, নিবন্ধনের সময় সেই শ্রেণিই লিখবে।
ক্যাটাগরি
কারা অংশ নেবে
প্রাইমারি
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান; স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫
জুনিয়র
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান; স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮
সেকেন্ডারি
নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান; ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী
হায়ার সেকেন্ডারি
একাদশ, দ্বাদশ শ্রেণি বা সমমান; এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী
∎ প্রশ্ন কেমন হয়?
অলিম্পিয়াডের প্রশ্ন মুখস্থ বা সূত্র বসানোর পরীক্ষা নয়, এখানে পরীক্ষা হয় চিন্তার। প্রতিবছর নতুন সমস্যা দেওয়ার চেষ্টা করা হয়, তাই বিগত বছরের প্রশ্ন হুবহু আসার সম্ভাবনা নেই বললেই চলে। অনলাইন বাছাই ও আঞ্চলিক পর্বে প্রশ্ন থাকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
উৎসব হয় তিন ধাপে। এক ধাপের বিজয়ীরাই পরের ধাপে যায়। নিচের সময় ও প্রশ্নসংখ্যা আগের আসরগুলোর হিসাবে; এবারের সূচি ও তারিখ আয়োজকেরা আলাদা করে জানাবেন।
ধাপ
কোথায়
প্রশ্নের ধরন
সময়
১. অনলাইন
বাছাই
নিজের ডিভাইসে, নিবন্ধিত সবার জন্য।
১০-১৫টি সমস্যা, সংক্ষিপ্ত উত্তর লিখতে হয়।
১ ঘণ্টা
২. আঞ্চলিক
নির্ধারিত আঞ্চলিক ভেন্যুতে
৮–১০টি সমস্যা, সংক্ষিপ্ত উত্তর, তবে রাফ অবশ্যই দেখাতে হবে।
১ ঘণ্টা
৩. জাতীয়
ঢাকায়
৮–১২টির মতো সমস্যা, বিস্তারিত লিখিত সমাধান
প্রাইমারি ২ ঘণ্টা, জুনিয়র ৩ ঘণ্টা, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ৪ ঘণ্টা
∎ সিলেবাস কী?
গণিত অলিম্পিয়াডের বাঁধাধরা কোনো সিলেবাস নেই। কোন ক্যাটাগরির শিক্ষার্থীর কী ধরনের সমস্যার সমাধান জানা উচিত, সেটা মাথায় রেখে প্রশ্ন করা হয়। সমস্যাগুলোকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
∎ জ্যামিতি (Geometry): ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ, সর্বসমতা, সদৃশ্যতা, পিথাগোরাস, ক্ষেত্রফলের নানা সূত্র ইত্যাদি...
∎ বীজগণিত (Algebra): সমীকরণ ও সমীকরণজোট, দ্বিঘাত সমীকরণ, মূল ও সহগের সম্পর্ক,বহুপদী, ফাংশন, অসমতা ইত্যাদি…
∎ সংখ্যাতত্ত্ব (Number Theory): বিভাজ্যতা, মৌলিক সংখ্যা, গসাগু-লসাগু, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকের সংখ্যা ও যোগফল, ইউক্লিডের অ্যালগরিদম ইত্যাদি…
∎ গণনাতত্ত্ব (Combinatorics): গণনার মূলনীতি, বিন্যাস-সমাবেশ, দ্বিপদী উপপাদ্য ও সহগ, অন্তর্ভুক্তি-বর্জন নীতি (Inclusion–Exclusion), স্টার্স অ্যান্ড বারস আর পিজিয়নহোল নীতি থেকে। ইনভেরিয়েন্ট ও মনোভেরিয়েন্ট থেকেও প্রশ্ন হয়। এসব শাখার পাশাপাশি সব ধরনের প্রশ্নে কিছু প্রমাণের কৌশল লাগে, যেমন গাণিতিক আরোহ (Induction), বিপরীত ধরে প্রমাণ (Contradiction), অসীম অবরোহণ (Infinite descent)।
ক্যাটাগরি বাড়লে বিষয় একই থাকে, শুধু গভীরতা বাড়ে।
বিগত বছরের প্রশ্নই তাই সিলেবাসের সবচেয়ে ভালো ধারণা দেয়। সব প্রশ্ন পাবে গণিত অলিম্পিয়াডের প্রশ্নপাতায়।
∎ কী কী বই পড়ব?
সবার আগে পড়বে নিজের শ্রেণির গণিত বই। এরপর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির বইয়ের তালিকা থেকে তোমার দরকারের বই বেছে নাও। সব বই কেনার দরকার নেই; একটি বই ভালোভাবে শেষ করা পাঁচটি বই উল্টে রাখার চেয়ে ভালো।
প্রাইমারি ক্যাটাগরির জন্য যেমন: গণিত বোঝার হাতেখড়ি, প্রাথমিক গণিতের ভিত্তি।
যারা আরও এগোতে চাও, তাদের জন্য তালিকায় ক্যাম্প ও আন্তর্জাতিক অলিম্পিয়াডের আলাদা অংশ আছে। সেখানে আছে Euclidean Geometry in Mathematical Olympiads (Evan Chen), Topics in Functional Equations, 102 Combinatorial Problems ও The IMO Compendium-এর মতো বই।
∎ প্রস্তুতি নেবে যেভাবে
১. পাঠ্যবই দিয়ে শুরু করো। নিজের শ্রেণির গণিত বইয়ের ওপর ভালো দখলই প্রথম ধাপ।
২. বিগত অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান করো। ঘড়ি ধরে একটি পুরো সেট সমাধান করো। তাতে পরীক্ষার সময় ও চাপের সঙ্গে পরিচয় হবে।
৩. সমাধান দেখার আগে ভাবো। আটকে গেলে ছোট উদাহরণ নিয়ে চেষ্টা করো, প্যাটার্ন খোঁজো।
৪. গুছিয়ে লেখা অভ্যাস করো। আঞ্চলিক পর্বে রাফ ভালোভাবে করো। জাতীয় পর্বে পুরো সমাধান লিখতে হয়, তাই ধাপগুলো কেন ঠিক, সেটা পরিষ্কার করে লেখার অভ্যাস করো।
৫. অনলাইন পর্বের জন্য তৈরি থাকো। অনলাইন বাছাইয়ে অংশ না নিলে পরের ধাপে যাওয়ার সুযোগ নেই। পরীক্ষার আগেই লগইন যাচাই করে নাও। গত আসরে বাছাইয়ের আগে একটি ঐচ্ছিক অনলাইন মক অলিম্পিয়াড হয়েছিল, তাই এবারের মক অলিম্পিয়াডের ঘোষণার দিকে চোখ রাখো।
৬. নিয়মিত অনুশীলন করো। প্রথম আলো গণিত ইশকুল তোমার অনুশীলনের সঙ্গী হতে পারে।
প্রথমবার প্রশ্ন দেখে ভয় পেলে মন খারাপ কোরো না। আজ যে সমস্যা পারছ না, কয়েক মাস পর সেটাই হয়তো তোমার প্রিয় সমস্যা হবে। আজই নিবন্ধন করে ফেলো। গণিতের ভয়, এসো করি জয়!
সহযোগিতায়:
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

Source - www.prothomalo.com ↗