Bangladesh · 2026-11-19 12:07:00

বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কী বলে

বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কী বলে
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল। এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন?
এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বললে, বাবা-মা কখনোই সন্তানের 'বন্ধু' হতে পারেন না; বরং তাঁদের নিজস্ব দায়িত্বশীল স্থানেই থাকতে হবে। বন্ধুর সাথে যে ধরনের আচরণ বা আড্ডা মানানসই, বাবা-মার সাথে তা করা যায় না।
তবে এর মানে এই নয় যে দূরত্ব থাকবে। অভিভাবক ও সন্তানের সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা এবং খোলামেলা পরিবেশ থাকা জরুরি। সন্তানের কোনো ভুল হলে সে যেন ভয় না পেয়ে বা কিছু না লুকিয়ে নির্দ্বিধায় তা বাবা-মাকে জানাতে পারে—এমন একটি পরম বিশ্বস্ততার পরিবেশ তৈরি করাই হলো প্রকৃত প্যারেন্টিং।

Source - trust.prothomalo.com ↗