Bangladesh · 2026-11-19 12:43:01

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
বাংলা ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন
কবিতা ∎ আবার আসিব ফিরে
ও আমার বাংলা মা তোর/আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে।/ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কীসের হাসি।/চৈতি রাতে উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি।
প্রশ্ন
ক. ‘জলাঙ্গী’ কী?
খ. কবি কীভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. ‘সাদৃশ্য থাকলেও উদ্দীপকে “আবার আসিব ফিরে” কবিতার আকুল আকাঙ্ক্ষা প্রকাশ পায়নি’—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
উত্তর
ক. কবি এখানে নদীকে জলাঙ্গী (অর্থাৎ জল যার অঙ্গে) নামে অভিহিত করেছেন।
খ. কবি প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন।
‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলার প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ। তাই মৃত্যুর পরও কবি এ দেশের প্রকৃতিতে বারবার ফিরে আসতে চান। কখনো কবি ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরে আসতে চান। আবার কখনোবা শঙ্খচিল, শালিক কিংবা হাঁস হয়ে কলমির গন্ধভরা জলে ভেসে বেড়াতে চান। এভাবে এ দেশের সান্নিধ্য পেতেই তিনি বারবার ফিরে আসতে চান।
গ. দেশের প্রকৃতির প্রতি মুগ্ধতার দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার সাদৃশ্য ফুটে উঠেছে।
‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি প্রকৃতিকে নিবিড়ভাবে অবলোকন করেছেন। প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে। তাই কবি বারবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলার বুকে। এর মাধ্যমে বাংলার পল্লিপ্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসাই প্রকাশিত হয়েছে।
উদ্দীপকের কবিতাংশে বাংলার প্রকৃতির মোহময় রূপটি ফুটে উঠেছে। বাংলার প্রকৃতির রূপের সুধায় কবির হৃদয় জুড়িয়ে যায়। ফাগুনে কৃষ্ণচূড়া, পলাশের সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। চৈতালি রাতে রাখালের বাঁশির সুর কবিকে উদাস করে। এসবের মধ্য দিয়ে মূলত পল্লিপ্রকৃতির প্রতি কবির গভীর মমত্ববোধের পরিচয়ই পাওয়া যায়। এদিকটি আলোচ্য কবিতায়ও একইভাবে মূর্ত হয়ে উঠেছে।
ঘ. উদ্দীপকে পল্লিপ্রকৃতির প্রতি মুগ্ধতা থাকলেও ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির প্রকৃতির সান্নিধ্যে থাকার আকুল আকাঙ্ক্ষার দিকটি প্রকাশ না পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলার প্রকৃতির প্রতি গভীর ভাবাবেগ প্রকাশ করেছেন। কবি মনে করেন, এ দেশের প্রকৃতির সঙ্গে তাঁর সুগভীর সম্পর্ক। আর এই সম্পর্ক তিনি ছিন্ন করতে চান না। তাই মৃত্যুর পরও প্রকৃতির নানা উপাদানে ভর করে বাংলার বুকে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
উদ্দীপকে বাংলার প্রকৃতির অনুপম সৌন্দর্য প্রকাশ পেয়েছে। প্রকৃতির অনিন্দ্য অনুষঙ্গ হিসেবে এখানে উঠে এসেছে কৃষ্ণচূড়া ও পলাশের কথা। প্রকৃতির এসব রূপময় অনুষঙ্গে উদ্দীপকের কবি মুগ্ধ হয়েছেন। এর রূপ-সুধায় প্রাণ জুড়িয়েছে তাঁর। উদ্দীপকে ফুটে ওঠা কবির এই প্রকৃতিমুগ্ধতার দিকটি কবিতায়ও একইভাবে লক্ষ করা যায়।
‘আবার আসিব ফিরে’ কবিতার কবি বাংলার প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় আবিষ্ট। তাই এ দেশের প্রকৃতির নানা অনুষজ্ঞকে অবলম্বন করে তিনি বারবার এই বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন। গ্রামীণ প্রকৃতির বিভিন্ন উপাদান হয়ে তিনি বাংলার বুকেই থেকে যেতে চেয়েছেন। কবিতায় ফুটে ওঠা এ বিষয়টি উদ্দীপকের কবিতাংশে অনুপস্থিত। সেখানে কেবল বাংলা প্রকৃতির প্রতি মুগ্ধতার দিকটিই প্রকাশ পেয়েছে। সে বিবেচনায়, ‘সাদৃশ্য থাকলেও উদ্দীপকে “আবার আসিব ফিরে” কবিতার আকুল আকাঙ্ক্ষা প্রকাশ পায়নি’—মন্তব্যটি যথার্থ।
মাহফুজা হোসনে আরা, প্রভাষক
ঢাকা আইডিয়াল কলেজ, তেজগাঁও, ঢাকা

Source - www.prothomalo.com ↗