Bangladesh · 2026-11-19 13:53:56

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
নাশকতার আশঙ্কায় কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লগি-বৈঠা তৈরির সঙ্গে জড়িত একজনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সশ্রাম-ধুলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে এসব লগি-বৈঠা ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। অভিযানে দোকান দুটি থেকে আনুমানিক সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করা হয়।

এ ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি এসব লগি-বৈঠা তৈরি করেছিলেন। এ ছাড়া নাশকতার চেষ্টার অভিযোগে মিদুল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নাশকতা প্রতিরোধে পুলিশ শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, কোথাও নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Source - www.bd24live.com ↗