Bangladesh · 2026-11-19 13:03:18

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া
গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নামার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন। বৃহস্পতিবারও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বুধবার চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ হলেও বৃহস্পতিবার এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Source - www.bd24live.com ↗