Bangladesh · 2026-11-19 14:15:00

একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্

একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্
‘মায়ারে’, ‘দুটি মন’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। বুধবার তাঁর সঙ্গে কথা বলেছে মকফুল হোসেন।
শুনলাম নতুন নাটকের শুটিং শুরু করেছেন?
সুনেরাহ্ বিনতে কামাল : ঠিক বলেছেন। কক্সবাজারে সাগর জাহান ভাইয়ার একটি নাটকের শুটিং করেছি। গল্পটি একদমই অন্য রকম। আমার জীবনের সঙ্গে চরিত্রটির অনেক মিল আছে। ওনার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার সহশিল্পী (ফারহান আহমেদ) জোভান, জোভানের সঙ্গেও এটি প্রথম কাজ।
জোভানের সঙ্গে আগে কাজ হয়নি কেন?

সুনেরাহ্ বিনতে কামাল : সত্যি বলতে, আমি জানি না। মনে হয়, জোভানকে জিজ্ঞেস করলেও একই উত্তর দেবে। আগে থেকে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়ে ওঠেনি। যখন মিলেছে, তখন করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে। আমি যে ধরনের চরিত্র করেছি, তাতে সহশিল্পীর অভিনয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের দৃশ্যগুলোতে অভিনয়ের আদান-প্রদানটা জরুরি ছিল। সে জায়গায় জোভান খুবই ডেডিকেটেড (নিবেদিত) এবং ভালো অভিনয়শিল্পী।

সুনেরাহ বিনতে কামাল। ফেসবুক থেকে এখন কি সচেতনভাবেই নিয়মিত নাটকে কাজ করছেন?
সুনেরাহ্ বিনতে কামাল : সত্যি বলতে, প্রথমে একটু পরীক্ষামূলকভাবে শুরু করেছিলাম। দেখতে চেয়েছিলাম, জায়গাটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি কি না। কিন্তু এখন যেটা হয়েছে, প্রতিনিয়ত অভিনয়ের মধ্যে থাকতে ভালো লাগে। কাজ করে যেতে ভালো লাগে। দুই দিন শুটিং না থাকলে দেখা যায়, এক দিন বিশ্রাম নিলাম, পরের দিনই মনে হয়, কেন বসে আছি, একটু কাজ করি। আমি অনেক কাজ করতে ভালোবাসি। অভিনয় করতে ভালো লাগে, কাজটা উপভোগ করি।
সুনেরাহ বিনতে কামাল। ফেসবুক থেকে আপনার সহশিল্পীরা বলেন, আপনি শুটিং সেট মাতিয়ে রাখেন। এই উদ্যম কীভাবে ধরে রাখেন?
সুনেরাহ্ বিনতে কামাল : আমার মনে হয়, সবই ভালোবাসার শক্তি। আপনি যদি এমন কিছু করেন, যেটা সত্যিই ভালোবাসেন, তাহলে সেই শক্তিটা কাজ করে। বাকিটা হলো, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা। ঠিকমতো খাওয়াদাওয়া, হালকা ব্যায়াম বা ইয়োগা—এগুলো জরুরি।
আমরা অভিনয়শিল্পী। অনেকে জীবনে আনন্দ করার জন্য অনেক কিছু করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মত হলো, ইয়োগা করলে আমাদের ইন্দ্রিয়গুলো সচল থাকে। দেখা গেল, এক দিন পার্টি করলাম, পরদিন শরীর বা মন ঠিকমতো কাজ করছে না। সে ক্ষেত্রে অভিনয়ও বাধাগ্রস্ত হতে পারে।
আমি বিষয়টি খুব খেয়াল রাখি, যেন মানসিকভাবে সচেতন ও সুস্থ থাকতে পারি। যেন পূর্ণ মনোযোগ দিয়ে অভিনয় করতে পারি। কোনো একটি কাজ করার পর যেন মনে না হয়, আহা, এটা তো আরও ভালোভাবে করতে পারতাম। সেই আফসোসটা করতে চাই না। জীবন খুব ছোট। কাজ করার সুযোগও খুব বেশি পাইনি। তাই যেগুলো করব, সুন্দরভাবে করতে চাই।
সুনেরাহ বিনতে কামাল। ফেসবুক থেকে হালের আলোচিত নাটকগুলোর মধ্যে ‘মায়ারে’, ‘দুটি মন’–এ আপনার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। আপনার বেশির ভাগ কাজই কি তাঁর সঙ্গে?

সুনেরাহ্ বিনতে কামাল : আমি এখন সবার সঙ্গেই কাজ করছি। আগের কাজগুলো এখন মুক্তি পাচ্ছে। হয়তো পরপর কয়েকটি কাজ মুক্তি পাচ্ছে বলে এমনটা মনে হচ্ছে। কিন্তু আমি সবার সঙ্গেই মিলেমিশে কাজ করছি।

কেউ কেউ বলেন, ‘এটা আমাদেরই গল্প’ আপনার ক্যারিয়ারে বাঁকবদল করেছে।
সুনেরাহ্ বিনতে কামাল : ‘এটা আমাদেরই গল্প’ আমাকে অনেক বেশি দর্শকের কাছে নিয়ে গেছে। সত্যি কথা, এটা আমি কখনো অস্বীকার করতে পারব না। সায়রা চরিত্রের কারণে অনেক দর্শক আমাকে চিনেছেন। আমি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ভেনিস ঘুরে এসেছি। সেখানেও প্রবাসীরা আমাকে ‘সায়রা’ বলে ডাকছিলেন। আমার মনে হয়, এটি অনেক বড় একটি ব্যাপার। এই চরিত্রের মাধ্যমে অনেক দর্শক আমাকে চিনেছেন, আমার দর্শকও বেড়েছে।
এটি আমার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে। সবাই আমার অভিনয়ের অনেক প্রশংসা করেছেন। আমি তো অভিনয় করে যাচ্ছিলাম, কিন্তু হয়তো আমার অভিনয় সবাই দেখার সুযোগ পাচ্ছিলেন না। ‘এটা আমাদেরই গল্পের’ মাধ্যমে অনেক মানুষ আমার অভিনয় দেখেছেন, প্রশংসা করেছেন।
প্রেমের গুঞ্জনের মধ্যে আরশের জন্মদিনে যা লিখলেন সুনেরাহ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পর নতুন কোনো সিনেমা করছেন?
সুনেরাহ্ বিনতে কামাল : মাঝখানে খুব ভালো একটি গল্প পেয়েছিলাম। কাজটিও করতে চেয়েছিলাম। কিন্তু ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ যখন উৎসবে গিয়েছিল, সেই সময়টাতেই সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। একবার কোথাও কমিটমেন্ট দিলে সেখান থেকে সরে আসি না। এটা আমার ব্যক্তিগত ও পেশাগত—দুই জীবনের ক্ষেত্রেই সত্যি। কমিটমেন্ট ছোট হোক বা বড়, সেটা রাখার চেষ্টা করি। এ কারণে সিনেমাটি করতে পারিনি। বিষয়টি দুঃখজনক।
এরপর আরও কিছু গল্প পেয়েছি। তবে সিনেমা করতে হলে অনেক কিছু মেলাতে হয়। গল্পের পাশাপাশি বাজেট, তারিখ, টিম—সবকিছু ঠিক থাকতে হয়। সব মিলিয়ে এখনো সেভাবে প্রস্তুত হতে পারিনি। তবে আরও কিছু চিত্রনাট্য আছে। আবার বসব, আলোচনা করব। দেখি, ভালো কিছু পাই কি না। আমার মনে হয়, আপনারা আমার কাছে অনেক বেশি প্রত্যাশা করেন। আমি কাউকে নিরাশ করতে চাই না। তাই যখনই কাজ করব, ভালো কিছুই করব।

Source - www.prothomalo.com ↗