বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে করা মামলাকে ‘বিদ্বেষপ্রসূত বিচার’ (ম্যালিশাস প্রসিকিউশন) বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি হয়ে গত বছরের ডিসেম্বরে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন টিউলিপ। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে আরও ১৬ জনের সঙ্গে আসামি করা হয়েছিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ জানান, তার আইনজীবীরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখছেন। একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন বলেও জানান তিনি।
টিউলিপের অভিযোগ, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি তার আইনজীবীরা। এমনকি লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করার জন্য চিঠি দিলেও তিনি সাক্ষাৎ করতে রাজি হননি বলে দাবি করেন টিউলিপ।
নিজের বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এটি ছিল ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ মতো। এমনকি আদালতে দণ্ডিত হওয়ার খবরও তিনি সকালে ঘুম থেকে উঠে সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন বলে দাবি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন টিউলিপ। তিনি জানান, স্টারমারের প্রতি সমর্থন থাকলেও রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে সরকারের জন্য বাধা মনে হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এদিকে টিউলিপের অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে গার্ডিয়ান।
Source - www.bd24live.com ↗