Bangladesh · 2026-11-19 16:15:40

মহালছড়িতে খাদে পড়ে টমটমের চালক-যাত্রীসহ আহত ৫, সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার

মহালছড়িতে খাদে পড়ে টমটমের চালক-যাত্রীসহ আহত ৫, সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার
খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত টমটম সড়কের পাশের খাদে পড়ে চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

​আহতরা হলেন ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম পাকিজাছড়ি থেকে মহালছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা পেরিয়ে লেমুছড়ি বটতলার পাহাড়ি ঢাল নামার সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে টমটমচালকসহ পাঁচজন আহত হন।

​দুর্ঘটনার পরপরই বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর সদস্যদের। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং বাকি তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টহল দলটি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোন কর্তৃপক্ষ।

Source - www.bd24live.com ↗