দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ২৩৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর। এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

এ সময়ে সারাদেশে হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম উপসর্গে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু।
বিভাগভিত্তিক হিসাবে হাম শনাক্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
Source - www.bd24live.com ↗