Bangladesh · 2026-11-19 17:26:48

‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে

‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন–পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচার মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা বলেছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এ আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
জেনোসাইডের লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।
রায় ঘোষণার সময় আন্তর্জাতিক বিচার আদালতের ভেতরের চিত্রআন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসান চরে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।
রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা

Source - www.prothomalo.com ↗