Bangladesh · 2026-11-19 17:21:08

ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে

ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে
২০১৪ সালে বারাক ওবামার রাশিয়াকে ‘আঞ্চলিক শক্তি’ বলার মতো অপমানজনক মন্তব্য সাম্প্রতিক কূটনীতিতে খুব কমই দেখা গেছে। তখনকার মতো আজও ভ্লাদিমির পুতিনের রাজনীতির মূল চালিকা শক্তি হলো স্নায়ুযুদ্ধের পর পরাশক্তির মর্যাদা হারানোর তীব্র ক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের মাঝে পুতিন তাঁর সেই আহত অহংবোধে প্রলেপ দেওয়ার এক জোগানদাতাকে খুঁজে পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার ধারণাটি অত্যন্ত অগভীর ও লোভাতুর। তিনি রাশিয়াকে আবারও শীর্ষ সারিতে তুলে আনছেন।
বৃহস্পতিবার শেনজেনে ট্রাম্প ও সি চিন পিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া পুতিনের জন্য ঠিক এই কারণেই এত গুরুত্বপূর্ণ। বৈঠকে কার্যকর কোনো সিদ্ধান্ত হোক বা না হোক, রাশিয়ার জন্য এটিই একটি বড় জয়।
সম্মেলনের আলোচ্যসূচি বেশ অস্পষ্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় ‘বিশ্বশান্তি রক্ষা’ এবং ‘বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার’ ওপর জোর দেওয়া হবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান, বাণিজ্য এবং ইউক্রেন স্থান পাবে।
পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ফেব্রুয়ারির ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে—যেখানে রুজভেল্ট, স্তালিন ও চার্চিল যুদ্ধোত্তর ইউরোপের নকশা এঁকেছিলেন। এই বৈঠক নিয়ে কিয়েভের আশঙ্কা হলো, পুতিন এই সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের উৎস ও তা বন্ধের উপায় নিয়ে বিষাক্ত সব তত্ত্ব ঢেলে দেবেন ট্রাম্পের কানে।
শেনজেনের বৈঠক কক্ষ থেকে ইউরোপীয়দের বাদ দেওয়ার বিষয়টি আংশিকভাবে এই কারণে ঘটেছে যে, আলোচনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হচ্ছে। তবে এটি এক গভীর কৌশলগত নিরাপত্তাহীনতাকেও সামনে নিয়ে আসে। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যেকোনো শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার দাবি করে আসছে, কিন্তু কূটনৈতিক ওজনসম্পন্ন কোনো একক ব্যক্তির নেতৃত্বে সেই দাবিকে একটি সম্মিলিত অবস্থানে রূপ দেওয়ার পথ তারা এখনো খুঁজে পায়নি।
গত সপ্তাহে আবুধাবিতে এক দফা শান্তি আলোচনার পর ট্রাম্পের অন্যতম দূত জ্যারেড কুশনার আশ্বস্ত করে বলেছিলেন, ‘ইউরোপীয়দের আলোচনার টেবিলে না রেখে’ কোনো চুক্তি সম্ভব নয়। এর বিপরীতে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি ইউরোপীয়দের সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেন।
এটি একটি পুরোনো সমস্যার দিকে ইঙ্গিত করে। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, ইউরোপের সঙ্গে কথা বলতে চাইলে ফোন করার মতো কোনো নির্দিষ্ট নম্বর নেই। আজ এই চ্যালেঞ্জ আরও প্রকট। ইউরোপীয় প্রভাবের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ভিত্তিগুলো আজ আক্রমণের মুখে।
চীন ইউরোপকে কেবল তার উৎপাদিত পণ্যের ক্রেতাদের একটি সমষ্টি হিসেবে দেখে, যাদের রাজনীতিবিদেরা সাধারণত স্বয়ংক্রিয়ভাবেই ওয়াশিংটনের অনুগত থাকেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ অর্জনের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেই প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং ব্যয়বহুল।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের রাজনীতির বড় একটি অংশ চালিত হয়েছে অতীতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার মধ্য দিয়ে। তবে এখন এই উপলব্ধি ক্রমে বাড়ছে যে ইউরোপের ভবিষ্যৎ তার নিকট অতীতের মতো হতে পারে না।
যুক্তরাজ্যও এই গল্পেরই অংশ এবং প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এর তাৎপর্য বুঝতে পেরেছেন। সোমবার এক ভাষণে তিনি ব্রেক্সিটের সমালোচনাকে অর্থনৈতিক গণ্ডি ছাড়িয়ে ভূরাজনৈতিক অঙ্গনে নিয়ে গেছেন। তিনি বলেন, বৈশ্বিক বিভাজনের ধারায় ব্রেক্সিট ছিল ‘পতনের প্রথম ধাপ’।
পুতিন-সি চিন পিং পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙুল দেখালেনবার্নহ্যাম যখন তার ইউরোপপন্থী কণ্ঠস্বর খুঁজে পাচ্ছেন, ঠিক তখনই ইউরোপ-বিরোধীদের পুরোনো মিথ্যা গল্প তৈরির কারখানাটি আবারও সচল হয়ে উঠছে। ব্রাসেলসের সঙ্গে আবার সম্পর্ক স্থাপনের খরচ এবং কাল্পনিক অভিবাসী ঢলের বিষয়ে সংবাদপত্রগুলো ভিত্তিহীন সব গল্প ছাপছে।
যে শীর্ষ সম্মেলনে সি, পুতিন ও ট্রাম্প বিশ্বের ভাগ্য নির্ধারণের দাবি করছেন, সেখান থেকে হয়তো সুনির্দিষ্ট কোনো চুক্তি বেরিয়ে আসবে না, কিন্তু এতে ইউরোপীয় গণতন্ত্রগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা রয়েছে। এবং রয়েছে একটি বেছে নেওয়ার সুযোগ।
প্রথম পথ হলো ঘনিষ্ঠ মহাদেশীয় সহযোগিতার মাধ্যমে নিজেদের দর–কষাকষির ক্ষমতা বাড়ানো। অন্য পথটি হলো নিখুঁত জাতীয় সার্বভৌমত্ব এবং পুনরুজ্জীবিত ঐতিহাসিক গৌরবের অলীক কল্পনায় পালিয়ে যাওয়া। এর মধ্যে প্রথম পথটি একবিংশ শতাব্দীতে ইউরোপের স্বায়ত্তশাসন, নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়ানোর উপায়। আর দ্বিতীয়টি হলো ব্রেক্সিটের দেখানো তিক্ত আত্মপরাজয়ের পথ।
● রাফায়েল বেহর দ্য গার্ডিয়ান–এর একজন কলামিস্ট
দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত

Source - www.prothomalo.com ↗