চট্টগ্রাম নগরী ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় দুটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে আনোয়ারার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুরও চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বক্সটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্রও। এ সময় বক্সের এক পাশের কাচও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ট্রাফিক পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতে দায়িত্ব পালন শেষে তাঁরা কর্মস্থল ত্যাগ করেন। ফজরের সময় ফিরে এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। আগুন ও ভাঙচুরের কারণে সেখানে বসে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
চট্টগ্রামে দুই পুলিশ বক্সে আগুন, সন্দেহে আটক ৬

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থান থেকে মোট ছয়জনকে আটক করা হয়।
এদিকে এর আগের রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার পুলিশ বক্সেও আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, বুধবার গভীর রাতে একদল যুবক পুলিশ বক্সটিতে আগুন দেয়। তবে ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানান, পুলিশ সদস্যরা বক্স থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো আসবাবপত্র পুড়ে যায়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Source - www.bd24live.com ↗