কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মী এরশাদ মেম্বার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোষাকান্দা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।
এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মমিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদীসহ কয়েকজন আহত হন।
এরপর রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোষাকান্দা এলাকায় আওয়ামী লীগ কর্মী এরশাদ মেম্বারের বাড়িতে হামলা চালায়।
আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এ সময় হামলাকারীরা এরশাদ মেম্বার ও তাঁর প্রতিবেশীদের কয়েকটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। মুহূর্তের মধ্যে আগুন ও হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তবে তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই কয়েকটি ঘরের দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে।
Source - www.bd24live.com ↗