Bangladesh · 2026-11-19 20:22:54

লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়

লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়
ম্যান অব দ্য ম্যাচ, ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ, ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ, স্ট্রাইকার অব দ্য ম্যাচ—এমন অনেক পুরস্কারই আছে ক্রিকেটে। কিন্তু আজ জোহানেসবার্গ টেস্টের পর লিটন দাস যে পুরস্কারটি হাতে পেলেন, সেটি অনেকেরই অচেনা। বাংলাদেশ টেস্ট হারলেও ‘হারডেস্ট ওয়ার্কিং প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
টেস্টটি দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯ উইকেটে, সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন (দুই ইনিংসে ৯ উইকেট), রাবাদার ম্যাচসেরা হওয়ার কারণটা তাই সহজেই বোঝা যায়। কিন্তু লিটন এমন কী করেছেন, যা দুই দলের ২২ ক্রিকেটারের মধ্যে তাঁকে এনে দিয়েছে ‘সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের’ স্বীকৃতি?
প্রথমে দেখে নেওয়া যাক ব্যাটিং ও উইকেটকিপিংয়ে কী করেছেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে তিনি খেলেছেন ১৭৯ বলে ১২০ রানের ইনিংস। ইনিংসটার মাহাত্ম বোঝা যাবে স্কোরকার্ডের দিকে তাকালে। প্রথম ইনিংসে বাংলাদেশ দল ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরও যে শেষ পর্যন্ত ৪০০ রান করতে পেরেছে, তাতে মূল ভূমিকা ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে লিটনের শতরানের জুটির।
দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৮৬ মিনিট ক্রিজে ছিলেন লিটন। নেমেছিলেন বাংলাদেশের ইনিংসের ৩৫তম ওভারে, আউট হয়েছেন ৯৬তম ওভারে। অর্থাৎ বাংলাদেশের ইনিংসের তিন ভাগের প্রায় দুই ভাগ সময়ই তিনি মাঠে ছিলেন (১০১.২ ওভারের মধ্যে)।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে কিপার হিসেবে ৮টি ডিসমিসাল করেন লিটন দাসব্যাটিংয়ের পর লিটন আরেকটি বড় ভূমিকা রাখেন কিপিং গ্লাভস হাতে। ৬টি ক্যাচের পাশাপাশি ২টি স্টাম্পিংও করেন, যা টেস্টে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্ব রেকর্ড। আর রেকর্ডটি গড়েছেন ১২৪.১ ওভার উইকেটকিপিং করে।
এখানেই শেষ নয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও লিটনের পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৩৮ বলে করেছেন ৩৯ রান করেছেন, দলের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে তিনি ক্রিজে ছিলেন ৪৯ মিনিট।
সব মিলিয়ে বল খেলেছেন ২১৭টি, রান করেছেন ১৫৯ আর মাঠে ছিলেন ১৪ ঘণ্টা। আর তাঁরই স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘হারডেস্ট ওয়ার্কিং প্লেয়ার অব দ্য ম্যাচের’ পুরস্কার। কিন্তু প্রশ্ন আসতে পারে, ভালো খেললে আর মাঠে সবচেয়ে বেশি সময় কাটালেই কি ‘সবচেয়ে পরিশ্রমী’ প্রমাণ হয়?
‘পরিশ্রমী খেলোয়াড়’ পুরস্কারটি আসলে কী
পুরস্কারটির পুরো নাম ‘জনসন ওয়ার্কওয়্যার হারডেস্ট ওয়ার্কিং প্লেয়ার অ্যাওয়ার্ড’। সহজ বাংলায়, ম্যাচের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের স্বীকৃতি।
তবে এখানে ‘পরিশ্রমী’ বলতে শুধু শারীরিক পরিশ্রম বোঝানো হচ্ছে না। টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যান দীর্ঘ সময় উইকেটে থেকে প্রতিপক্ষের বোলারদের ক্লান্ত করতে পারেন। একজন বোলার একের পর এক স্পেল করে চাপ তৈরি করে যেতে পারেন। আবার একজন ফিল্ডার ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রেখে কঠিন জায়গায় ফিল্ডিং করতে পারেন, প্রতিটি সুযোগের পেছনে ছুটতে পারেন। এসব অবদানও এই পুরস্কারের বিবেচনায় আসে।

View this post on Instagram

A post shared by Jonsson Workwear (@jonssonworkwear_official)

পুরস্কারটির প্রবর্তন করেছে জনসন ওয়ার্কওয়্যার। এটি দক্ষিণ আফ্রিকাভিত্তিক একটি বেসরকারি পোশাক প্রতিষ্ঠান, যার মূল কাজ শ্রমিক, কর্মচারী ও শিল্প খাতের জন্য টেকসই কর্মপোশাক, ইউনিফর্ম এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) তৈরি ও সরবরাহ করা।
ওয়ার্কওয়্যারের ভাষায়, ‘হারডেস্ট ওয়ার্কিং প্লেয়ার অ্যাওয়ার্ড’ শুধু সবচেয়ে বেশি রান করা বা সবচেয়ে বেশি উইকেট নেওয়া খেলোয়াড়কে পুরস্কৃত করার উদ্যোগ নয়। বরং যিনি দলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে গেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছেন, তাঁকেই স্বীকৃতি দেওয়ার চেষ্টা।
প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম পোস্টে এ বিষয়ে তিনটি শব্দের উল্লেখ করা হয়েছে—দৃঢ়তা, সহনশীলতা ও হাই–পারফরম্যান্স।
আগে কেউ পেয়েছেন?
পুরস্কারটি একেবারেই নতুন। গত মাসে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজে এটি প্রথম চালু হয়। মূলত দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম স্পনসর হওয়ার পরই জনসন ওয়ার্কওয়্যার এই উদ্যোগের সূচনা করে। গত আগস্টে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে প্রতিষ্ঠানটি।
পুরস্কারটি প্রথম দেওয়া হয় দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজের ডারবান টেস্টে। প্রথমবার পান অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ। তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই রেনশ প্রথম ইনিংসে ১৯০ রান ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮৯ রান।
সিরিজের দ্বিতীয় টেস্টে পুরস্কারটি পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। গেবেখায় সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে ১৭৯ রান করেছিলেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বীকৃতিটি পান আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রায়ান রিকেলটন। লিটন ‘পরিশ্রমী খেলোয়াড়ের’ পুরস্কার জেতা চতুর্থ ক্রিকেটার।
কীভাবে নির্বাচিত হন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়?
সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি বা পয়েন্টব্যবস্থা আছে কি না, তা পরিষ্কার করেননি আয়োজকেরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের অবদানকে কী অনুপাতে বিবেচনা করা হয়, সেটিও স্পষ্ট নয়।
তবে জনসন ওয়ার্কওয়্যার তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, সেরা পরিশ্রমী খেলোয়াড় নির্ধারণ হয় ধারাভাষ্যকারদের ভোটে। নির্দিষ্ট ম্যাচে যাঁরা ধারাভাষ্য দিয়ে থাকেন, তাঁরা ভোট দেন। অর্থাৎ মাঠের সামগ্রিক পারফরম্যান্স কাছ থেকে দেখার সুবাদে ধারাভাষ্যকারদের পর্যবেক্ষণ এখানে গুরুত্বপূর্ণ। জানিয়ে রাখা ভালো, ম্যাচের সেরা খেলোয়াড়ও ঠিক হয় ধারাভাষ্যকারদের মূল্যায়নে।
ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর

Source - www.prothomalo.com ↗