২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল বলে রায়ে উল্লেখ করেছেন বিচারকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। এতে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশনের অধীনে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। মামলায় গাম্বিয়ার পাশাপাশি আরও ১১টি রাষ্ট্র অংশ নিয়েছে।
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আইসিজের

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেখুন
রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়। গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইন প্রণয়নে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে।
গণহত্যা প্রতিরোধে ব্যর্থ মিয়ানমার
আদালত মনে করেন, মিয়ানমার শুধু গণহত্যা প্রতিরোধেই ব্যর্থ হয়নি, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্বও পালন করেনি। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনের ঝুঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা ছিল মিয়ানমারের দায়িত্ব।
তবে ব্যক্তিগত পর্যায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেননি আদালত।
এ ছাড়া গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো এবং সেগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া অন্তর্বর্তী আদেশে এসব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু মিয়ানমার সেই নির্দেশনা যথাযথভাবে পালন করেনি।
তদন্ত ও বিচার নিশ্চিত করার নির্দেশ
কনভেনশন লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং চলমান লঙ্ঘন বন্ধ করা।
গণহত্যা ও কনভেনশনে উল্লেখিত অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করতে হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিচার ও শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারকেরা।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ
রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ। মিয়ানমারের ভেতরে কিংবা দেশের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে এবং বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি বাস্তুচ্যুতির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। গণহত্যা ও কনভেনশনবিরোধী কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এর সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি এখনই নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ কত এবং কীভাবে তা দেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ থাকতে হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারের এই রায়ের মধ্য দিয়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলো।
Source - www.bd24live.com ↗